সোনা কিনছেন? গয়না নাকি ডিজিটাল গোল্ড— কোথায় বিনিয়োগ করলে পস্তাতে হবে না? জেনে নিন আসল সত্যি

ভারতে সঞ্চয় মানেই সোনা। কিন্তু আপনি কি জানেন, যে সোনা আপনি পরম যত্নে লকারে রাখছেন, তা আদতে আপনাকে লাভের চেয়ে লস বেশি দিচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে সোনা কেনা যতটা না আবেগের, তার চেয়ে বেশি কৌশলের। স্বর্ণকারের দোকান থেকে গয়না কেনা, না কি স্মার্টফোনের অ্যাপে ডিজিটাল গোল্ড— কোন রাস্তায় আপনার টাকা সবথেকে নিরাপদ এবং লাভজনক? তিনটি মূল বিকল্পের পোস্টমর্টেম করে বিনিয়োগের আসল চাবিকাঠি দিলেন বাজার বিশেষজ্ঞরা।
১. সোনার গয়না: শখের জন্য সেরা, লাভের জন্য নয়!
উৎসব বা বিয়ের মরসুমে গয়না কেনা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে এটি বেশ ‘দামী’ ভুল হতে পারে। বাজার বিশ্লেষক রোহন গোয়েল জানাচ্ছেন, গয়না কিনলে সোনার মূল দামের সাথে আপনাকে অতিরিক্ত ৩% জিএসটি (GST) এবং ৮% থেকে ২৫% পর্যন্ত মেকিং চার্জ দিতে হয়।
ঝুঁকি: বিক্রির সময় আপনি জিএসটি বা মেকিং চার্জের এক পয়সাও ফেরত পাবেন না। অর্থাৎ, কেনার দিনেই আপনি বড় অঙ্কের টাকা হারিয়ে ফেললেন।
২. ডিজিটাল গোল্ড: অল্প পুঁজিতে কিস্তিতে সোনা
যাদের পকেটে অনেক টাকা নেই কিন্তু অল্প অল্প করে সোনা জমিয়ে রাখতে চান, তাদের জন্য ডিজিটাল গোল্ড দারুণ অপশন। মাত্র ১০০ টাকা দিয়েও সোনা কেনা সম্ভব। নেই চুরির ভয় বা লকার ভাড়ার খরচ।
সতর্কবার্তা: মনে রাখবেন, ডিজিটাল গোল্ড ভারতে এখনও RBI বা SEBI-র সরাসরি নিয়ন্ত্রণে নেই। তাই এখানে কিছুটা নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়। এছাড়া ছোট লাভে বিক্রি করার প্রবণতা থাকলে ‘কম্পাউন্ডিং’-এর বড় ফায়দা পাওয়া সম্ভব হয় না।
৩. গোল্ড ETF: স্মার্ট বিনিয়োগকারীর তুরুপের তাস
বর্তমানে বিনিয়োগ বিশেষজ্ঞদের প্রথম পছন্দ হলো গোল্ড ইটিএফ (Exchange Traded Fund)। এটি শেয়ার বাজারের মাধ্যমে কেনা-বেচা হয় এবং সম্পূর্ণভাবে SEBI দ্বারা নিয়ন্ত্রিত।
সবচেয়ে বড় সুবিধা: বাজেট ২০২৪-এর পর গোল্ড ইটিএফ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন ১২ মাস ধরে রাখলেই এতে লং টার্ম ক্যাপিটাল গেইন (LTCG) ট্যাক্স মাত্র ১২.৫% দিতে হয়। ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রে যা অনেক বেশি সময়সাপেক্ষ। তবে এর জন্য আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকা জরুরি।
বিশেষজ্ঞের টিপস: আপনি যদি শুধু গয়না পরতে ভালোবাসেন, তবে দোকানে যান। কিন্তু যদি লক্ষ্য হয় সম্পদ বৃদ্ধি, তবে গোল্ড ইটিএফ (ETF)-এর বিকল্প নেই। দীর্ঘমেয়াদী লাভের জন্য এটাই সবথেকে স্বচ্ছ এবং সাশ্রয়ী মাধ্যম।