উত্তরে ম্যারাথন প্রচারে মমতা! মাথাভাঙা থেকে আলিপুরদুয়ার, ৩ কেন্দ্রের মেগা সভা কাঁপালেন তৃণমূল নেত্রী!

২০২৬ বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বেজে গিয়েছে। নববর্ষের আমেজ কাটিয়ে দ্বিতীয় দিনেই রণক্ষেতে নেমে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্ব মাথায় রেখে এদিন ম্যারাথন প্রচারে ঝড় তুললেন তিনি। মাথাভাঙা, আলিপুরদুয়ার এবং দিনহাটা— এক দিনেই উত্তরের তিন প্রধান কেন্দ্রে জনসভা করে বিরোধীদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
মাথাভাঙা থেকে শুরু ‘ম্যারাথন’ প্রচার
এদিন সকালে কোচবিহারের মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে প্রথম জনসভাটি করেন মমতা। দলের প্রার্থী সাবলু বর্মনের সমর্থনে আয়োজিত এই সভায় উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই তিনি স্পষ্ট করে দেন, উত্তরবঙ্গের প্রতিটি আসন রক্ষা করতে তৃণমূল কতটা মরিয়া।
আলিপুরদুয়ারে আঁটোসাঁটো নিরাপত্তা
মাথাভাঙার পালা চুকিয়ে মমতা পৌঁছান আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। সেখানে দলীয় প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে ভাষণ দেন তিনি। আজকের এই সভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আলিপুরদুয়ারের মানুষের আবেগ ছুঁতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কেন্দ্র-রাজ্য সংঘাত ও উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
দিনের শেষ গন্তব্য দিনহাটা
এদিনের শেষ জনসভাটি অনুষ্ঠিত হবে সংহতি ময়দানে। সেখানে দিনহাটা বিধানসভা কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহর সমর্থনে বড় ঘোষণা করতে পারেন নেত্রী। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— সর্বত্র চষে বেড়াচ্ছেন তিনি। উত্তরবঙ্গের মানুষের আস্থা অর্জনে তৃণমূল নেত্রীর এই ‘ব্যাক-টু-ব্যাক’ জনসভা ভোটের ফলে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়।
আলিপুরদুয়ার থেকে মমতার জনসভা সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে। ভোটের কাউন্টডাউন শুরু হতেই উত্তরবঙ্গের রাজনৈতিক পারদ যে আরও চড়ল, তা বলার অপেক্ষা রাখে না।