মৃত্যুর মুখে অদ্বিতীয়া! ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে রোমহর্ষক মোড়; দিতি কি পারবে গোপালকে বাঁচাতে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে আসতে চলেছে এক চরম নাটকীয় মুহূর্ত। ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। দেখা যাচ্ছে, খলনায়ক পুলস্তর শয়তানি এবার সীমা ছাড়িয়েছে। গোরাকে বিপদে ফেলতে পরিচারিকা বিনার শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ সাজিয়েছিল সে। বিনার ছেলেকে কিডন্যাপ করে তাকে ভয় দেখিয়ে এই কাজ করতে বাধ্য করেছিল পুলস্ত। কিন্তু অদ্বিতীয়া সবটা বুঝে ফেলায় পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে।
নতুন প্রোমো অনুযায়ী, গোরাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে, অদ্বিতীয়া গোরার আগে বিনার ছেলে গোপালকে উদ্ধার করতে যায়। সেখানেই পুলস্তর পাতা মারণ ফাঁদে পড়ে যায় সে। দেখা যাচ্ছে, একটি রোবট পুতুলের গায়ে বোমা বেঁধে দিতি ও গোপালের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অদ্বিতীয়া আতঙ্কে পাথর হয়ে গেলেও দমে যায়নি। ঠিক সেই সংকটের মুহূর্তে দেখা মেলে মহাপ্রভুর। এক অলৌকিক আবহে মহাপ্রভু যেন তাঁর উত্তরীয় দিয়ে দিতি ও গোপালকে আগলে ধরেন।
এরই মধ্যে শোনা যায় এক বিকট বোমা বিস্ফোরণের শব্দ। সেই শব্দ শুনে গোরার বুক কেঁপে ওঠে। মহাপ্রভুর অলৌকিক কৃপায় কি সত্যিই দিতি ও গোপাল বড়সড় বিপদ থেকে রক্ষা পাবে? নাকি গল্পে আসতে চলেছে নতুন কোনও বিচ্ছেদ? দিতি কি পারবে পুলস্তর আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়তে? এই সব প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। ব্রজধামের এই টানটান উত্তেজনার রহস্য দেখতে মুখিয়ে আছেন ধারাবাহিকের অগণিত ভক্তরা।