শেয়ার বাজারে ফের ধামাকা! ১ বছরেই ১৪১% রিটার্ন, বিনিয়োগকারীদের পকেট ভরাচ্ছে এই মাল্টিব্যাগার স্টক

শেয়ার বাজারে (Share Market) এখন আলোচনার কেন্দ্রে মাল্টিব্যাগার স্টক Gyftr লিমিটেড (পূর্বতন নাম এলকেপি ফাইন্যান্স)। সোমবার যখন দেশীয় বাজারে সেনসেক্স ও নিফটি ২ শতাংশের বেশি পতনের মুখে পড়েছিল, ঠিক তখনই স্রোতের বিপরীতে হেঁটে তাক লাগিয়ে দিয়েছে এই কোম্পানি। সোমবার বিএসই-তে (BSE) লেনদেন শুরুর সময় স্টকের দাম কিছুটা কমলেও, দিনের শেষে ৫.৫৪ শতাংশ বেড়ে ১৮৮.২০ টাকায় পৌঁছে যায়। বিনিয়োগকারীদের বিপুল কেনাকাটাই এই উত্থানের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

কোম্পানিটি সম্প্রতি এক বড় ঘোষণা করেছে। গত ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এলকেপি ফাইন্যান্স লিমিটেড তাদের নাম পরিবর্তন করে রেখেছে ‘Gyftr লিমিটেড’। শুধু নাম বদলই নয়, সংস্থার আর্থিক ফলাফলও চমকপ্রদ। ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানিটি ৫.৯ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যেখানে এক বছর আগে একই সময়ে তাদের ১১.৪০ কোটি টাকার লোকসান হয়েছিল। অর্থাৎ লোকসান কাটিয়ে লাভের মুখ দেখায় আত্মবিশ্বাস বেড়েছে বিনিয়োগকারীদের।

রিটার্নের নিরিখে এই স্টকটি কার্যত সোনা ফলিয়েছে। গত এক বছরে এই শেয়ারের দাম বেড়েছে ১৪১ শতাংশ, অর্থাৎ বিনিয়োগকারীদের অর্থ এক বছরেই দ্বিগুণের বেশি হয়েছে। আরও দীর্ঘমেয়াদী হিসেবে দেখা যাচ্ছে, গত ৩ বছরে ১,১৫৪ শতাংশ এবং ৫ বছরে ১,২৩৮ শতাংশ লাভ দিয়েছে এই কোম্পানি। এছাড়া, গত মাসেই কোম্পানিটি ১:৪ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করেছে। অর্থাৎ একটি শেয়ারের বদলে যোগ্য বিনিয়োগকারীরা ৪টি ফ্রি শেয়ার পেয়েছেন। উল্লেখ্য, কোম্পানিটি শেষবার ২০২৩ সালে ৩ টাকা হারে ডিভিডেন্ড দিয়েছিল। শেয়ার বাজারের অস্থিরতার মধ্যেও Gyftr লিমিটেডের এই অভাবনীয় সাফল্য পজিশনাল বিনিয়োগকারীদের নজর কেড়েছে।