মুজাফফরনগরকে বড় উপহার যোগীর! শীঘ্রই পুরনিগম হচ্ছে এই জেলা, শুরু হচ্ছে ৯৫১ কোটির মেগা প্রকল্প

উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার জন্য সোমবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দীর্ঘদিনের দাবি মেনে মুজাফফরনগর পুরসভাকে (Municipality) শীঘ্রই পুরনিগমে (Municipal Corporation) উন্নীত করার কথা ঘোষণা করলেন তিনি। সোমবার জেলায় এসে ৯৫১ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুরনিগমের মর্যাদা পেলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের থেকে সরাসরি অনুদান মিলবে, যা জেলার পরিকাঠামো, রাস্তাঘাট ও জলনিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবে।
এদিন মুজাফফরনগর সফরে এসে মুখ্যমন্ত্রী প্রথমে লোকমাতা অহল্যাবাঈ হোলকারের মূর্তির উন্মোচন করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর উপস্থিতিতে একটি বিশাল কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন তিনি। জনসভা থেকে কৃষকদের জন্য বড় ঘোষণা করে যোগী জানান, সরকার গত ৯ বছরে ৩.১৬ লক্ষ কোটি টাকারও বেশি আখ চাষিদের বকেয়া মিটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, চাষিদের পাম্পসেট বা টিউবওয়েলের বিদ্যুৎ বিল পুরোপুরি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদেরও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ে যোগী আদিত্যনাথ বলেন, “উত্তরপ্রদেশে এখন আর কোনো উপদ্রব বা দাঙ্গা হয় না, এখানে এখন শুধু উৎসবের পরিবেশ থাকে। অপরাধী ও মাফিয়াদের জন্য এই রাজ্যে কোনো জায়গা নেই।” যুবকদের জন্য কর্মসংস্থান এবং কর্মরত মহিলাদের জন্য হস্টেল নির্মাণের কথাও ঘোষণা করেন তিনি। মুজাফফরনগরের বিখ্যাত গুড়ের প্রশংসা করতেও ভোলেননি মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর প্রেক্ষাপটে যোগীর এই ‘পুরনিগম’ কার্ড এবং কৃষক দরদী ইমেজ উত্তরপ্রদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।