‘কোটি মেয়ের মা হতে চাই!’ কলতান-তীর্থঙ্করদের জন্য নীল পুজো করে কী বার্তা দিলেন ‘অভয়া’র মা?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার পানিহাটি আসনটি এখন গোটা রাজ্যের নজরে। সৌজন্যে আর জি করের নির্যাতিতা চিকিৎসক তরুণী ‘অভয়া’র মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। প্রার্থী হওয়ার পর থেকেই তিনি খবরের শিরোনামে। কখনও তৃণমূলের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ, আবার কখনও কু-কথার শিকার—সব প্রতিকূলতা পেরিয়ে সোমবার এক অন্য মেজাজে দেখা গেল তাঁকে।

এদিন নীল পুজো উপলক্ষে পানিহাটির বার মন্দির ঘাটে উপোস করে পুজো দিতে আসেন রত্না দেবনাথ। পুজো শেষে বিরোধী প্রার্থীদের নিয়ে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। তিনি বলেন, “আমার নিজের ঘর আজ শূন্য, কিন্তু আমি এখন কোটি কোটি মেয়ের জননী। তাঁদের মঙ্গলের জন্যই নীল ষষ্ঠীর পুজো দিলাম।” ঠিক এই জায়গা থেকেই সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত ও তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে খোঁচা দিয়ে তিনি বলেন, “ঠাকুরের কাছে প্রার্থনা করি কলতান ও তীর্থঙ্কর—দু’জনেরই যেন চৈতন্য হোক।”

প্রচারে বেরিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে রত্নাদেবীকে। কদিন আগেই অভিযোগ উঠেছিল, তৃণমূল আশ্রিত আশা কর্মীরা তাঁর গায়ে থুতু ছিটিয়েছেন। কিন্তু শত প্ররোচনাতেও তিনি অটল। অতিরিক্ত নিরাপত্তা নেওয়ার প্রসঙ্গে তিনি সটান জানান, “আমার কোনও নিরাপত্তার দরকার নেই। আমার মধ্যে সৎ সাহস আছে, যা আমি মেয়ের থেকেই শিখেছি। অন্যায় রুখতে গিয়ে আমার মেয়ে মাফিয়াদের সঙ্গে লড়াই করতে পিছপা হয়নি বলেই ওকে মরতে হয়েছে। মেয়ে যে রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছে, তাঁর সেই অসম্পূর্ণ কাজ আমিই পূর্ণ করব।”

শাসক দলের বিরুদ্ধে সরাসরি লড়াই ঘোষণা করে রত্না দেবনাথ বুঝিয়ে দিলেন, রাজনীতির ময়দানে তিনি কেবল এক শোকার্ত মা নন, বরং এক হার না মানা যোদ্ধা। ৪ মে’র ফলই বলবে পানিহাটির মানুষ ‘ঘরের মেয়ে’র মায়ের এই লড়াইকে কতটা সমর্থন জানাল।