নির্বাচন কমিশনকে টেক্কা অধীরের! বহরমপুরে ভোটারদের বাঁচাতে চালু করলেন ‘কংগ্রেস হেল্পলাইন’

বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা যাতে নির্ভয়ে বুথে গিয়ে ভোটদান করতে পারেন, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিলেন কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে তিনি ৪টি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছেন। তাঁর দাবি, শাসক দলের সন্ত্রাস মোকাবিলা করে সাধারণ মানুষকে বুথে পৌঁছে দিতে এই হেল্পলাইন কাজ করবে।
কমিশনের ওপর অনাস্থা, ভরসা কেন্দ্রীয় বাহিনীতে: সাধারণত ভোটারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু অধীর চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশন এবং নিচুতলার রাজ্য পুলিশের ওপর আস্থা হারিয়েছেন। তাঁর অভিযোগ, আইপিএস অফিসাররা বদলি হলেও নিচুতলার পুলিশকর্মীরা এখনও শাসক দলের কথায় ওঠবস করেন। তবে কেন্দ্রীয় বাহিনীর ওপর তাঁর পূর্ণ ভরসা রয়েছে বলে তিনি জানান।
কীভাবে কাজ করবে এই হেল্পলাইন? অধীর চৌধুরী বলেন, “ভোটের দিন দুষ্কৃতীরা গুন্ডাগিরি করে অনেককে বুথে আসতে বাধা দেওয়ার চেষ্টা করবে। অনেককে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার চেষ্টা হবে। সেই সমস্ত ভোটাররা এই হেল্পলাইনে ফোন করলে, তাঁদের নির্বিঘ্নে বুথে আনতে সাহায্য করবে কংগ্রেসের কর্মীরা।” তিনি আরও যোগ করেন যে, জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশনের কর্তারা যাই দাবি করুন না কেন, তৃণমূলী সন্ত্রাস রুখতে তাঁরা নিজেদের ব্যবস্থা নিজেরাই নিয়েছেন।