কেন্দ্রীয় সরকারি কর্মীদের লটারি! এক ধাক্কায় ৭,৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বেতন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধি এখন কেবল সময়ের অপেক্ষা। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের তোড়জোড়ের মাঝেই ব্যাঙ্ক বাজারের একটি রিপোর্টে জানানো হয়েছে, আগামী দিনে কর্মীদের ডিএ ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এই বেতন বৃদ্ধির পরিমাণ সম্পূর্ণ নির্ভর করবে কর্মীর বর্তমান বেসিক পে বা মূল বেতনের ওপর।
হিসেব অনুযায়ী, যদি কোনো কর্মীর বেসিক পে ১৮,০০০ টাকা হয়, তবে তার মাসিক বেতন ৩৬০ থেকে ৫৪০ টাকা পর্যন্ত বাড়বে। যাদের বেসিক ২৯,২০০ টাকা, তারা পেতে পারেন অতিরিক্ত ৫৭৪ থেকে ৮৭৬ টাকা। উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ আরও আকর্ষণীয়। ৫৬,১০০ টাকা বেসিক পে হলে বেতন বাড়বে প্রায় ১,১০০ টাকা। আবার সিনিয়র পর্যায়ে যাদের মূল বেতন ২.৫ লক্ষ টাকা, তাদের পকেটে প্রতি মাসে ৫,০০০ থেকে ৭,৫০০ টাকা পর্যন্ত বেশি আসতে পারে।
যদিও মার্চ মাসে ডিএ ঘোষণার কথা ছিল, কিন্তু অষ্টম বেতন কমিশনের খসড়া তৈরির কারণে কিছুটা দেরি হচ্ছে। তবে বিলম্ব হলেও কর্মীদের দুশ্চিন্তার কারণ নেই। সরকার জানিয়েছে, ডিএ কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। ফলে এপ্রিল মাসে ঘোষণা হলে বিগত মাসগুলোর বকেয়া বা এরিয়ার (Arrears) একসাথেই হাতে পাবেন সরকারি কর্মীরা।