মধ্যপ্রাচ্যের উত্তাপ দিল্লিতে! ৩.৭১ শতাংশে চড়ল খাদ্যপণ্যের দাম, দুশ্চিন্তায় রিজার্ভ ব্যাঙ্ক

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইরান যুদ্ধের রেশ এবার সরাসরি আছড়ে পড়ল ভারতের বাজারে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ মাসে ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৪ শতাংশে। ফেব্রুয়ারিতে এই হার ছিল ৩.২১ শতাংশ। মূলত বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং খাদ্যপণ্যের আকাশছোঁয়া দামই এই পরিস্থিতির জন্য দায়ী।
পরিসংখ্যান বলছে, মার্চ মাসে খাদ্য মুদ্রাস্ফীতির হার ৩.৪৭ শতাংশ থেকে বেড়ে ৩.৭১ শতাংশ হয়েছে। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে মুদ্রাস্ফীতির চাপ ছিল বেশি। গ্রামীণ মুদ্রাস্ফীতি ৩.৬৩ শতাংশে পৌঁছলেও শহরে তা ৩.১১ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ইরান-ইজরায়েল সংকটের কারণে জ্বালানির দাম বাড়লেও, ওই মাসে সোনার দাম প্রায় ১১ শতাংশ কমে যাওয়ায় সাধারণ মানুষের ওপর মুদ্রাস্ফীতির সামগ্রিক প্রভাব কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালকে ভিত্তি বছর ধরে মুদ্রাস্ফীতি গণনার নতুন ফর্মুলা কার্যকর করেছে সরকার। নতুন এই সূচকে খাদ্যের গুরুত্ব কমিয়ে আবাসন এবং বিদ্যুৎ-গ্যাসের গুরুত্ব বাড়ানো হয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ-অবরোধ এবং ইরানের পাল্টা হুমকির ফলে জ্বালানি বাজার চরম অস্থির। রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, ভারতের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী থাকলেও বিশ্ববাজারের এই বাহ্যিক ধাক্কা দীর্ঘস্থায়ী হলে তা চিন্তার বিষয় হয়ে উঠতে পারে।