‘বুলডোজার নয়, ভালোবাসার নীতিতে বিশ্বাসী!’ সিউড়ির সভা থেকে মোদী-শাহকে পাল্টা চ্যালেঞ্জ মমতার

নির্বাচনী উত্তাপের মাঝেই সিউড়ির জনসভা থেকে এক অনন্য মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষকে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি এদিন তিনি ফিরে গেলেন তাঁর শৈশবের দিনগুলিতে। মমতা জানান, ছোটবেলায় গরমের ছুটি পড়লেই তিনি মামাবাড়ি যেতেন, পুকুরে সাঁতার কাটতেন আর মনের আনন্দে মাঠে ঘুরে বেড়াতেন। তবে স্মৃতির সরণি থেকে ফিরেই তিনি কড়া ভাষায় বিঁধলেন বিজেপিকে।
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলায় ‘বুলডোজার নীতি’ আনার হুমকির পাল্টা জবাবে মমতা বলেন, “আমি বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করি না, আমি ভালোবাসার নীতিতে বিশ্বাসী।” সিউড়ির ইরিগেশন কলোনির মাঠ থেকে তিনি বীরভূমের জন্য বড় উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। তিনি জানান, দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পে ৩২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং এর মাধ্যমে প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে।
সিপিএম ও বিজেপিকে একযোগে নিশানা করে তিনি বলেন, “এদের ধর্ম আসলে বিষবৃক্ষ। মানুষের মাথায় বিষ ঢাললাই এদের কাজ।” হলদিয়া বন্দর থেকে টাকা তোলার প্রসঙ্গ তুলে সরাসরি দিল্লির নেতাদের দিকে আঙুল তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, তৃণমূল ভোটের প্রতিশ্রুতিতে ভাঁওতা দেয় না, বরং ‘মানব ধর্মে’ বিশ্বাস করে কাজ করে।