‘ভোটার নয়, সরকার বাছছে নিজেদের পছন্দের লোক!’ ভোটার তালিকা থেকে ৩৩ লক্ষ নাম বাদ নিয়ে বিস্ফোরক যোগেন্দ্র যাদব

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৩৩ লক্ষেরও বেশি নাম বাদ পড়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিশিষ্ট ভোট বিশেষজ্ঞ তথা রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব। সোমবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই প্রক্রিয়াকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘অভূতপূর্ব’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, বিহার ছিল এই প্রকল্পের পরীক্ষামূলক ক্ষেত্র, কিন্তু আসল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গ।
যোগেন্দ্র যাদব পরিসংখ্যান তুলে ধরে জানান, সংশোধনের পর পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ৭.০৮ কোটি থেকে কমে ৬.৭৫ কোটি হয়েছে, যা দেশের অন্য কোনও রাজ্যে ঘটেনি। তিনি প্রশ্ন তোলেন, উত্তরপ্রদেশ বা রাজস্থানে ভোটার সংখ্যা বাড়লেও বাংলায় কেন কমছে? তাঁর অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (SIR) আদতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের নাম অসামঞ্জস্যপূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।
প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, প্রায় ৬০ লক্ষ মামলার নিষ্পত্তি করা হয়েছে মাত্র ৩৫ দিনে। এমনকি কিছু আধিকারিক ঘণ্টায় ২৫টি করে মামলার ফয়সালা করেছেন কোনও শুনানি ছাড়াই। বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ এই প্রক্রিয়াকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। অর্থনীতিবিদ পারাকলা প্রভাকর সতর্ক করে বলেন, এর ফলে ‘দুই শ্রেণির নাগরিক’ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে সরকার নিজেই ঠিক করছে কারা ভোট দেবে।