আশা ভোঁসলের প্রয়াণে আথিয়া শেঠির ‘ভুল’ পোস্ট, লতা মঙ্গেশকরের ছবি দিয়ে ট্রোলড কেএল রাহুল পত্নী!

ভারতীয় সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় নক্ষত্রের পতন ঘটল। সুরের জাদুকরী, কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে রবিবার ৯২ বছর বয়সে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিনোদন জগতের রথী-মহারথীরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। তবে এই শোকের আবহে এক চরম বিভ্রান্তি তৈরি করে বসলেন অভিনেতা সুনীল শেঠির মেয়ে তথা কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি।
আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে গিয়ে আথিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আশা জির বদলে তাঁর দিদি, প্রয়াত লতা মঙ্গেশকরের একটি পুরনো সাদা-কালো ছবি শেয়ার করে বসেন। যদিও ভুল বুঝতে পেরে মুহূর্তের মধ্যে পোস্টটি মুছে দিয়ে নতুন ছবি আপলোড করেন তিনি, কিন্তু ততক্ষণে নেটজনতার নজর এড়ায়নি সেই ভুল। আথিয়ার এই গাফিলতি নিয়ে নেটপাড়ায় বইছে সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশের প্রশ্ন, “দুই কিংবদন্তিকেও কি চেনা দায়?”
বর্তমানে আশা ভোঁসলের মরদেহ তাঁর মুম্বইয়ের বাসভবনে রাখা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ইতিমধ্যেই সেখানে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাঁর মরদেহ সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শায়িত থাকবে। শিল্পীর পুত্র আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার বিকেল ৪টে নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সুরের যে ইন্দ্রজাল তিনি বুনেছিলেন, তা হয়তো আর কখনও শোনা যাবে না, কিন্তু তাঁর গান চিরকাল অমর হয়ে থাকবে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে।