সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে আরসিবি ম্যাচে বিশেষ উদ্যোগ মুম্বই ইন্ডিয়ান্সের

রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএলের (IPL 2026) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়াই শুরু হওয়ার আগেই নেমে এসেছে বিষণ্ণতার ছায়া। চিরবিদায় নিয়েছেন সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে। কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে আজ এক অভিনব ও সংবেদনশীল উদ্যোগ নিল মুম্বই ইন্ডিয়ান্স।
কালো ব্যান্ড পরে মাঠে হার্দিকরা মুম্বই ইন্ডিয়ান্স সূত্রের খবর অনুযায়ী, আজ আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব থেকে শুরু করে দলের সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা হাতে কালো আর্মব্যান্ড (Black Armband) পরে মাঠে নামবেন। মুম্বইয়ের ঘরের মেয়ে তথা দেশের গর্ব আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে পল্টনরা।
সঙ্গীত জগতের এক যুগের অবসান রবিবার সকালেই শোকের খবরটি ছড়িয়ে পড়ে। ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। হাসপাতাল সূত্রে খবর, ‘মাল্টি অর্গান ফেলিওর’-এর কারণেই মৃত্যু হয়েছে তাঁর। ২০২২ সালে দিদি লতা মঙ্গেশকরের প্রয়াণের পর, চার বছরের মাথায় আশার চলে যাওয়া সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল।
ওয়াংখেড়েতে আজ অন্য আবহ মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচ মানেই গ্যালারি জুড়ে উন্মাদনা আর চিৎকার। কিন্তু আজ কিংবদন্তি শিল্পী আশার বিদায়ে সেই উন্মাদনার মাঝেও মিশে থাকবে গাম্ভীর্য। সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে মুম্বই ইন্ডিয়ান্সের এক আধিকারিক জানিয়েছেন, “আশা ভোঁসলে শুধু মুম্বইয়ের নন, গোটা বিশ্বের সম্পদ। তাঁর প্রয়াণে আমরা শোকাতুর। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের প্লেয়াররা আজ কালো ব্যান্ড পরবেন।”
সুর আর ক্রিকেটের এই অদ্ভুত মেলবন্ধনে আজ ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকবে এক আবেগঘন মুহূর্তের। ব্যাট-বলের লড়াইয়ের আগে গোটা দেশ আজ সুরের জাদুকরীকে শ্রদ্ধা জানাচ্ছে।