বড় বড় মহারথীরা ফ্লপ! আইপিএল ২০২৬ কাঁপানো এই ৫ তরুণ তুর্কিই কি টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ?

আইপিএল-এর ১৫টি ম্যাচ শেষ হতে না হতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, এবারের টুর্নামেন্ট তরুণ প্রতিভাদের দখলে। অভিজ্ঞ ক্রিকেটাররা যখন প্রত্যাশা পূরণে হিমশিম খাচ্ছেন, তখন এই ৫ জন তরুণ ক্রিকেটার নিজেদের দলের ত্রাতা হয়ে উঠেছেন:
১. বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস): মাত্র ১৫ বছর বয়সেই আইপিএল-এর মঞ্চে আগুন ঝরাচ্ছেন তিনি। ৩ ইনিংসে ১২২ রান করেছেন, যার স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২৪৮.৯৮! ১০টি চার ও ১১টি ছক্কা হাঁকানো এই খুদে বিস্ময় ইতিমধ্যেই ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন।
২. সমীর রিজভী (দিল্লি ক্যাপিটালস): দিল্লির এই ২২ বছর বয়সী ব্যাটার এখন ভরসার নাম। ৩ ম্যাচে তাঁর গড় ৮০ এবং রান করেছেন ১৬০। সর্বোচ্চ স্কোর ৯০। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরণ বলে দিচ্ছে, তিনি লম্বা রেসের ঘোড়া।
৩. মুকুল চৌধুরী (লখনউ সুপার জায়ান্টস): কলকাতার বিরুদ্ধে মাত্র ২৭ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে রাতারাতি হিরো হয়ে গিয়েছেন মুকুল। তাঁর ইনিংসে ছিল ৭টি বিশাল ছক্কা। বড় ছক্কা মারার অবিশ্বাস্য ক্ষমতার কারণে তিনি এখন লখনউ শিবিরের বড় ভরসা।
৪. আংক্রিশ রঘুবংশী (কলকাতা নাইট রাইডার্স): কেকেআর-এর হয়ে ৪ ম্যাচে ১৫৫ রান করে নজর কেড়েছেন আংক্রিশ। গড় ৫১.৬৭ এবং স্ট্রাইক রেট ১৫৮.১৬। ইতিমধ্যেই ঝুলিতে পুরেছেন দুটি ঝকঝকে হাফ-সেঞ্চুরি। ১৭টি চার ও ৬টি ছক্কায় সাজানো তাঁর ব্যাটিং টেকনিক দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা।
৫. অশোক শর্মা (গুজরাত টাইটান্স): ব্যাটারদের দাপটের মাঝে গতি দিয়ে চমকে দিয়েছেন গুজরাতের এই ২৩ বছরের পেসার। এবারের মরশুমের দ্রুততম বলটি করেছেন তিনি, যার গতি ছিল ঘণ্টায় ১৫৪.২ কিলোমিটার। গতির ঝড়ে প্রতিপক্ষকে কুপোকাত করতে তিনি ওস্তাদ।