৫,২০০ কোটি টাকা ফেরানোর তোড়জোড়! আপনার পিএফ অ্যাকাউন্ট কি আধার লিঙ্ক করা? আজই চেক করুন

সারা দেশের হাজার হাজার কর্মজীবী মানুষের কঠোর পরিশ্রমের টাকা পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে। ভালো চাকরির আশায় কোম্পানি বদলালেও, আলস্য বা জটিল ফর্মের ভয়ে অনেকেই পুরোনো পিএফ-এর টাকা ট্রান্সফার করেন না। এবার এই সমস্যার স্থায়ী সমাধানে নামল EPFO (Employee’s Provident Fund Organisation)

EPFO-এর নতুন ‘অটো-ট্রান্সফার’ প্ল্যান: একটি নতুন পাইলট প্রকল্পের মাধ্যমে এখন নিষ্ক্রিয় বা ডরম্যান্ট অ্যাকাউন্ট থেকে টাকা কোনো দীর্ঘ আবেদন প্রক্রিয়া ছাড়াই সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

  • লক্ষ্য: প্রাথমিক পর্যায়ে এমন ৮.১ লক্ষ অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যাতে প্রায় ৫,২০০ কোটি টাকা জমা আছে।

  • উদ্দেশ্য: গ্রাহকদের যেন বারবার পিএফ অফিসে চক্কর কাটতে না হয় এবং তাঁদের আটকে থাকা টাকা নিরাপদে আধার-সংযুক্ত অ্যাকাউন্টে পৌঁছায়।

কেন এতদিন টাকা আটকে ছিল? কর্পোরেট জগতে দ্রুত চাকরি পরিবর্তন সাধারণ ঘটনা। নতুন জয়েনিং-এর তাড়াহুড়োয় পুরোনো পিএফ ট্রান্সফারের কথা অনেকেই ভুলে যান। এর ফলে একাধিক UAN তৈরি হয় এবং পুরোনো অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় হয়ে ধুলো জমাতে থাকে।

টাকা পেতে কী কী শর্ত পূরণ করতে হবে? আপনার কষ্টার্জিত অর্থ কোনো আবেদন ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য ৩টি জিনিস মাস্ট: ১. আধার লিঙ্ক: আপনার পিএফ অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। ২. সঠিক KYC: কেওয়াইসি (KYC) তথ্য সম্পূর্ণ নির্ভুল হতে হবে। ৩. ভেরিফায়েড ব্যাংক অ্যাকাউন্ট: ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট এবং যাচাইকৃত থাকতে হবে।

সতর্কতা: কোন ভুল থাকলে টাকা আটকে যাবে? প্রযুক্তিগত কিছু ছোট ভুলের কারণে আপনার টাকা আটকে যেতে পারে, যেমন:

  • আধার কার্ড এবং পিএফ রেকর্ডে নাম বা জন্মতারিখের অমিল।

  • একের বেশি সক্রিয় UAN (Universal Account Number) থাকা।

  • পুরোনো কোম্পানিতে আপনার ‘প্রস্থানের তারিখ’ (Date of Exit) উল্লেখ না থাকা।

একনজরে সমাধান: আগে এই অটো-ট্রান্সফার সুবিধা শুধুমাত্র ১,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন EPFO বড় অঙ্কের টাকার ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর করতে চলেছে। তাই দেরি না করে আপনার PF পোর্টাল লগ-ইন করে তথ্যগুলো যাচাই করে নিন।