মহিলাদের জন্য লটারি! বাসে ফ্রি সফর থেকে চাকরিতে ৩৩% সংরক্ষণ— অমিত শাহর ‘সঙ্কল্পে’ তোলপাড় বাংলা!

২০২৬ বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধে এবার ‘নারী শক্তি’কে পাখির চোখ করল বিজেপি। শুক্রবার কলকাতায় দলের নির্বাচনী ইশতেহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করতে এসে বাংলার মহিলাদের জন্য গুচ্ছ গুচ্ছ দরাজ প্রতিশ্রুতির কথা শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে রাজ্যের শাসকদলের বিভিন্ন প্রকল্পকে টেক্কা দিতে বিজেপি সরকার গড়লে মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ থেকে শুরু করে বিনামূল্যে যাতায়াতের মতো বড় ঘোষণা করলেন তিনি।

নারীদের জন্য শাহর ‘বিগ ৫’ প্রতিশ্রুতি: ১. চাকরিতে সংরক্ষণ: বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ সরকারের চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করা হবে। ২. বিনামূল্যে পরিবহণ: রাজ্যের মহিলাদের জন্য সরকারি পরিবহণে ১০০ শতাংশ বিনা শুল্ক অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত নিশ্চিত করবে বিজেপি। ৩. অন্তঃসত্ত্বাদের অনুদান: প্রতিটি অন্তঃসত্ত্বা মহিলার জন্য ২১,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। ৪. সুরক্ষায় বিশেষ নজর: আরজি কর ও সন্দেশখালির প্রসঙ্গ টেনে শাহ জানান, অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির পর্যবেক্ষণে অপরাধের তদন্ত হবে। রাতে মহিলারা যাতে নির্ভয়ে বেরোতে পারেন, সেই পরিবেশ তৈরি করবে বিজেপি। ৫. বিশেষ তদন্ত দল: সন্দেশখালির মতো ঘটনার প্রতিকারে কড়া আইনি পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শিল্প ও অর্থনীতিতেও বড় বাজি: অমিত শাহর সঙ্কল্পপত্রে উত্তরবঙ্গের চা শিল্প এবং দক্ষিণবঙ্গের পাট শিল্পকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। এছাড়াও তাজপুর ও কুলপিতে ‘ডিপ সি পোর্ট’ তৈরির মাধ্যমে বাংলাকে ‘ব্লু ইকনমি’-র প্রধান রপ্তানি কেন্দ্র বানানোর স্বপ্ন দেখিয়েছেন তিনি। উত্তরবঙ্গের জন্য আইআইটি (IIT), আইআইএম (IIM) এবং এইমসের (AIIMS) মতো বড় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

প্রচার অভিযানে শাহ: নিউ টাউনের হোটেল থেকে সঙ্কল্পপত্র প্রকাশের পর আজই ডেবরা এবং খড়্গপুরে প্রচারে যাচ্ছেন শাহ। শনিবার পুরুলিয়া ও বাঁকুড়াতেও তাঁর হাই-ভোল্টেজ সভা রয়েছে।

ভোটের ঠিক আগে শাহর এই ‘সঙ্কল্প’ কি বাংলার মহিলাদের মন জয় করতে পারবে? এখন সেটাই দেখার।