লক্ষ্মীর ভাণ্ডারকেও ছাপিয়ে যাবে? বিজেপি জিতলে মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা, বড় ঘোষণা অমিত শাহর!

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিল বিজেপি। শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করতে এসে মহিলা এবং বেকার যুবকদের জন্য বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে টেক্কা দিতে বিজেপি কার্যত টাকার অঙ্ক দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিল।
বেকার যুবকদের জন্য ‘এককালীন’ ১৫ হাজার: চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক সময় অর্থাভাবে ভোগেন পরীক্ষার্থীরা। তাঁদের কথা মাথায় রেখে শাহ ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বেকার যুবকদের এককালীন ১৫,০০০ টাকা দেওয়া হবে। এখানেই শেষ নয়, ৫ লক্ষ যুবককে ১০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে, যার মধ্যে ৫ লক্ষ টাকাই হবে অনুদান।
মহিলাদের জন্য মাসিক ৩০০০ টাকা: রাজ্যের নারী শক্তিকে পাশে পেতে বড় ঘোষণা করেছে গেরুয়া শিবির। বর্তমানে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে সর্বোচ্চ ১৫০০ টাকা পেলেও, বিজেপি ক্ষমতায় এলে প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। পাশাপাশি, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিধানও রাখা হয়েছে বিজেপির ইশতেহারে।
নিয়োগ দুর্নীতির পাল্টা ‘যোগ্যতার চাকরি’: রাজ্যের নিয়োগ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে শাহ স্পষ্ট জানান, বিজেপি ক্ষমতায় এলে আর ঘুষের বিনিময়ে চাকরি হবে না। যোগ্যতার ভিত্তিতেই স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে। তাঁর দাবি, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোকে আর্থিক নিরাপত্তা দেওয়াই বিজেপির মূল লক্ষ্য।
এক নজরে বিজেপির বড় ৩ প্রতিশ্রুতি:
-
মহিলাদের জন্য: মাসে ৩০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং চাকরিতে ৩৩% সংরক্ষণ।
-
বেকারদের জন্য: পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫,০০০ টাকা এবং ১০ লক্ষ টাকার বিশেষ আর্থিক সহায়তা।
-
স্বচ্ছতা: নিয়োগ প্রক্রিয়ায় কোনো ঘুষ চলবে না, হবে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ।
ভোটের মুখে অমিত শাহর এই একগুচ্ছ ‘দামি’ প্রতিশ্রুতি বাংলার ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।