হাজরায় সভার অনুমতি দিল হাইকোর্ট! পুলিশের বাধা উপেক্ষা করে বড় জয় ডিএ আন্দোলনকারীদের, কী কী শর্ত?

বকেয়া ডিএ (DA) এবং সরকারি কর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্য রাজনীতির পারদ ফের চড়তে চলেছে। পুলিশের আবেদন খারিজ করার পর এবার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে বড় জয় পেল সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ১২ এপ্রিল দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আদালতে কেন ধাক্কা খেল পুলিশ? ১২ এপ্রিল হাজরা মোড়ে সভার জন্য পুলিশের কাছে আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশ সেই আবেদন নাকচ করে দিলে হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। শুক্রবার শুনানির সময় বিচারপতি প্রশ্ন তোলেন, “হাজরা মোড়ে কি অন্য কোনও সংগঠনকে সভা করতে দেওয়া হয় না? ওই এলাকা তো ১৪৪ ধারার (বর্তমানে বিএনএস ১৬৩) আওতায় নয়, তবে বাধা কোথায়?” এরপরই সভার অনুমতি দেয় আদালত।

যে শর্তগুলো মানতেই হবে: গণতন্ত্রে আন্দোলনের অধিকার এবং নাগরিক স্বাচ্ছন্দ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বিচারপতি বেশ কিছু কড়া শর্ত দিয়েছেন:

  • সময়সীমা: আগামী ১২ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সভা করা যাবে।

  • মিছিলে নিষেধাজ্ঞা: শুধুমাত্র অবস্থান-বিক্ষোভ বা সভা করা যাবে, কোনও ধরণের মিছিল করা যাবে না।

  • সদস্য সংখ্যা: সভায় সর্বোচ্চ ১০০০ জন সদস্য অংশ নিতে পারবেন।

  • ট্র্যাফিক ও শব্দবিধি: রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না এবং কড়াভাবে শব্দবিধি মেনে চলতে হবে।

আন্দোলনকারীদের মূল দাবি: সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও AICPI অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা মেটাচ্ছে না রাজ্য সরকার। এছাড়া সম্প্রতি ভোটের কাজে নিযুক্ত এক সরকারি কর্মীর ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। এই বঞ্চনার প্রতিবাদেই রবিবারের সভার ডাক দিয়েছে সংগঠনটি।

ভোটের মুখে হাজরা মোড়ে এই সভা রাজ্য সরকারের ওপর কতটা চাপ বাড়াতে পারে, এখন সেটাই দেখার।