অনলাইন পেমেন্টে আসছে বড় বদল! ১০ হাজার টাকার বেশি পাঠালেই ১ ঘণ্টা আটকে থাকবে টাকা?

স্মার্টফোনের যুগে এখন পকেটে নগদ না থাকলেও চলে, ভরসা কেবল ইউপিআই (UPI)। কিন্তু অনলাইনে লেনদেন যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার জাল। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখতে এবার এক বৈপ্লবিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের নতুন প্রস্তাব অনুযায়ী, এবার থেকে অনলাইনে ১০ হাজার টাকার বেশি লেনদেন করলে টাকা সরাসরি প্রাপকের কাছে পৌঁছাবে না; মাঝপথে আটকে থাকবে ঠিক এক ঘণ্টা!

আরবিআই-এর এই প্রস্তাবিত নিয়মের মূল লক্ষ্য হলো গ্রাহককে ‘চিন্তার সময়’ দেওয়া। অনেক সময় প্রতারকরা ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে দ্রুত টাকা পাঠাতে বাধ্য করে। নতুন নিয়মে ১০ হাজার টাকার বেশি ট্রানজাকশন করলে গ্রাহক এক ঘণ্টা সময় পাবেন। যদি তাঁর মনে হয় লেনদেনটি ভুল বা সন্দেহজনক, তবে ওই সময়ের মধ্যে তিনি পেমেন্ট বাতিল করতে পারবেন। তবে আপনার পরিচিত বা বিশ্বস্ত ব্যক্তিদের জন্য থাকছে ‘হোয়াইট লিস্ট’ সুবিধা। পছন্দের ব্যক্তিদের এই তালিকায় রাখলে তাঁদের টাকা পাঠাতে কোনো সময় লাগবে না, আগের মতোই দ্রুত লেনদেন হবে।

প্রবীণ নাগরিকদের সুরক্ষায় আরও কড়া হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। তাঁদের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকার বেশি লেনদেন করতে গেলে কোনো বিশ্বস্ত ব্যক্তির অনুমোদনের প্রয়োজন পড়বে। এছাড়া বছরে ২৫ লক্ষ টাকার বেশি লেনদেন হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টাকা আটকে যাওয়ার বিধানও রাখা হয়েছে। অনেকটা ইন্টারনেটের ‘কিল সুইচ’-এর মতো এবার ডিজিটাল পেমেন্টেও নিয়ন্ত্রণ আনতে চাইছে আরবিআই। এই নিয়ম কার্যকর করার আগে সাধারণ মানুষের মতামত চেয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগামী ৮ মে-র মধ্যে এই বিষয়ে যে কেউ মতামত জানাতে পারবেন। আপনার মতামতের ভিত্তিতেই হয়তো বদলে যেতে পারে আগামীর অনলাইন লেনদেনের ছবি।