লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টায় ‘অন্নপূর্ণা’! মাসে ৩০০০ টাকা আর বেকার ভাতার মেগা ঘোষণা অমিত শাহের

বাংলার মসনদ দখলে এবার মরণপণ লড়াইয়ে বিজেপি। শহর কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রকাশ করলেন বিজেপির বহু প্রতীক্ষিত ‘সংকল্পপত্র’। প্রায় ১০ হাজার বিশিষ্ট ব্যক্তির মতামতের ভিত্তিতে তৈরি এই ইস্তাহারকে ‘বিকশিত ভারতের রোডম্যাপ’ বলে অভিহিত করেছেন তিনি। শাহের দাবি, এই সংকল্পপত্র নিরাশা কাটিয়ে বাংলাকে এক নতুন দিশা দেখাবে এবং রবীন্দ্র জয়ন্তীতেই সূচিত হবে ‘নতুন বাংলা’র পথচলা।

বিজেপির এই ইস্তাহারে সবচেয়ে বড় চমক মহিলাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাল্টা হিসেবে বিজেপি নিয়ে এসেছে ‘অন্নপূর্ণা প্রকল্প’, যেখানে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এককালীন ২১ হাজার টাকা এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা করেছেন শাহ। বেকার যুবকদের জন্য মাসে ৩০০০ টাকা ভাতা এবং আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো এবং ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালুর ঘোষণায় ডিএ আন্দোলনকারীদের মন জয়ের চেষ্টা করেছে গেরুয়া শিবির।

নিরাপত্তা ও দুর্নীতির প্রশ্নেও সুর চড়িয়েছেন শাহ। অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে তিনি বলেন, “বিজেপি সরকার গড়লে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে আনা হবে।” মহিলাদের সুরক্ষায় তৈরি হবে বিশেষ ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। এছাড়াও, অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা, কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং উত্তরবঙ্গে নতুন এইমস (AIIMS) ও আইআইটি (IIT) তৈরির মতো ১৫টি বিশেষ সংকল্প নেওয়া হয়েছে। চা ও পাট শিল্পের আধুনিকীকরণ এবং চাষিদের ফসলের ন্যায্য মূল্যের নিশ্চয়তা দিয়ে ভোট যুদ্ধে বড় চাল দিলেন অমিত শাহ।