সুচিত্রা সেনের রূপের গোপন ম্যাজিক! মেকআপ রুমে ঢোকা নিষিদ্ধ ছিল কেন? ফাঁস হল সেই রহস্য

পর্দায় তাঁর প্রবেশ মানেই ছিল এক সম্মোহনী জাদু। একগাল হাসি আর চোখের চাউনিতে কুপোকাত আট থেকে আশি। তিনি মহানায়িকা সুচিত্রা সেন। কয়েক দশক পেরিয়ে গেলেও তাঁর সৌন্দর্যের সংজ্ঞা আজও অমলিন। সমকালীন অভিনেত্রীদের ভিড়ে তিনি ছিলেন অনন্য, যেন ধরা-ছোঁয়ার বাইরের এক স্বপ্নসুন্দরী। কিন্তু কী ছিল তাঁর এই চিরযৌবনা রূপের রহস্য? কেন তাঁর মেকআপ রুমে সাধারণের প্রবেশ ছিল নিষিদ্ধ?

তৎকালীন স্টুডিও পাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, সুচিত্রা সেন শুটিং ফ্লোরে পা রাখা মানেই এক চাপা উত্তেজনা ও ভয় কাজ করত সবার মধ্যে। শৃঙ্খলাপরায়ণ মহানায়িকা নিজের ব্যক্তিগত পরিসর নিয়ে ছিলেন অত্যন্ত সচেতন। বিশেষ করে তাঁর মেকআপ রুমের চৌকাঠ পেরোনোর অনুমতি ছিল হাতেগোনা কয়েকজনের। অনেকেই সেই সময় তাঁর রূপচর্চার রুটিন জানার চেষ্টা করেছিলেন, কিন্তু রহস্যময়ী মহানায়িকা কোনোদিনই তা জনসমক্ষে আনেননি।

তবে দীর্ঘ সময় পর সেই গোপন রহস্যের একটি পর্দা উন্মোচিত হয় মিস শেফালির হাত ধরে। জানা যায়, একবার একান্তে মিস শেফালিকে রূপচর্চার বিশেষ কিছু টিপস দিয়েছিলেন স্বয়ং সুচিত্রা। মিস শেফালির আত্মজীবনীতে উঠে এসেছে সেই মূল্যবান পরামর্শ। সুচিত্রা সেন তাঁকে বলেছিলেন, ত্বকের জেল্লা ধরে রাখতে গেলে মুখ ধোয়ার সময় কখনই সাবান ব্যবহার করা উচিত নয়। তার বদলে ব্যবহার করতে হবে সাধারণ ‘বেসন’। বেসন দিয়ে মুখ পরিষ্কার করার পর আলতো হাতে মুছে নিয়ে পছন্দের ক্রিম মেখে নিতে হবে।

শুধু তাই নয়, সুচিত্রার আরও একটি বিশেষ টিপস ছিল—প্রতি রাতে কাজ থেকে ফেরার পর মেকআপ তুলে মুখে ক্রিম মেখে হালকা গরম ভাপ বা স্টিম নেওয়া। এতে ত্বকের রোমকূপ পরিষ্কার থাকে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তবে শুধু বাহ্যিক যত্ন নয়, নিজের ডায়েট নিয়েও চরম সচেতন ছিলেন তিনি। সারাদিন প্রচুর পরিমাণে মরশুমি ফল ও শাকসবজি থাকত তাঁর খাদ্যতালিকায়। বিকেলের নাস্তায় ড্রাই ফ্রুটস ছিল তাঁর অপরিহার্য সঙ্গী। এই নিয়মনিষ্ঠ জীবনযাপন এবং প্রাকৃতিক উপাদানের ভরসাতেই সুচিত্রা সেন হয়ে উঠেছিলেন পর্দার চিরন্তন ‘মিথ’।