‘ভোট দেবেন না শিক্ষকেরা?’ ৪% ডিএ ও বকেয়া নিয়ে মমতার সরকারকে চরম হুঁশিয়ারি!

বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৫ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই ঘোষণা হলেও, বাস্তবে তার কোনো প্রতিফলন এখনও দেখা যায়নি বলে অভিযোগ তুলছেন সরকারি কর্মীরা। বিশেষ করে শিক্ষক সমাজের মধ্যে এই নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। এবার সেই পাওনা গণ্ডার হিসেব বুঝে নিতে নির্বাচনের ময়দানেই সরকারকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তাঁরা।
শিক্ষকদের অভিযোগ, ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে দু’মাস আগে, কিন্তু এপ্রিল মাস পড়ে গেলেও নবান্ন থেকে এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি বা অর্ডার জারি করা হয়নি। এর ফলে বর্ধিত ভাতা আদৌ মিলবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। শুধু ডিএ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চম পে কমিশনের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হলেও শিক্ষকেরা সেখান থেকে কোনো টাকা পাননি বলে দাবি করেছেন। এমনকি সরকারি হেলথ স্কিমের সুবিধাও তাঁদের একটি বড় অংশ পাচ্ছেন না। এই ‘বঞ্চনা’র প্রতিবাদে এবার সরব হয়েছে শিক্ষক সংগঠনগুলি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সরাসরি সরকারকে সতর্ক করে দিয়েছেন। তাঁর মতে, মুখ্যমন্ত্রী বলেছিলেন এপ্রিল থেকেই ৪ শতাংশ বর্ধিত ডিএ কার্যকর হবে। কিন্তু আজ অবধি কোনো অর্ডার না বেরোনোয় লক্ষ লক্ষ কর্মচারী হতাশ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আর মাত্র সাত দিন পর পোস্টাল ব্যালটে ভোট শুরু হচ্ছে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে এর সরাসরি প্রভাব ব্যালট বক্সে পড়তে বাধ্য।” নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় সরকার নতুন করে কোনো ঘোষণা করতে পারবে কি না, তা নিয়েও কর্মচারী মহলে বাড়ছে উদ্বেগ।