বিমান ভাড়ায় মিলবে বড় ছাড়? এয়ারলাইন্সগুলোর জন্য ল্যান্ডিং ও পার্কিং চার্জ কমাল কেন্দ্র

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বিমান পরিষেবা শিল্পে। ইরান ও পাকিস্তানের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা এবং দীর্ঘ রুট ঘোরার কারণে জ্বালানি খরচ বেড়ে আকাশছোঁয়া হয়েছে। এই সংকটে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া বা স্পাইসজেটের মতো সংস্থাগুলোর পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছে, ঠিক তখনই বড়সড় ত্রাণ (Aviation Relief) ঘোষণা করল কেন্দ্র। এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (AERA) দেশের সমস্ত প্রধান বিমানবন্দরে ল্যান্ডিং এবং পার্কিং চার্জ ২৫ শতাংশ কমানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের এই নির্দেশ অনুযায়ী, অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর হবে। তবে আপাতত শুধুমাত্র অন্তর্দেশীয় বা ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। যুদ্ধের জেরে আন্তর্জাতিক রুটগুলোয় জ্বালানি পোড়ার পরিমাণ যেমন বেড়েছে, তেমনি বিশ্ববাজারে জেট ফুয়েলের দামও পাল্লা দিয়ে চড়ছে। এই বাড়তি খরচের বোঝা কমাতে বিমান সংস্থাগুলো টিকিটের দাম বাড়াতে শুরু করেছিল, যার ফলে নাভিশ্বাস উঠছিল সাধারণ যাত্রীদের। সেই চাপ কমাতেই এই ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা।

উল্লেখ্য, একটি বিমান যখন বিমানবন্দরে ল্যান্ড করে বা ২ ঘণ্টার বেশি পার্কিং লটে থাকে, তখন সংস্থাগুলোকে একটি বড় অঙ্কের ফি দিতে হয়। এয়ারলাইন্সগুলোর মোট খরচের একটি বিশাল অংশ এই চার্জ মেটাতেই চলে যায়। ল্যান্ডিং চার্জ কমার ফলে বিমান সংস্থাগুলোর আর্থিক বোঝা কিছুটা হলেও লাঘব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সুবিধার হাত ধরে খুব শীঘ্রই টিকিটের দাম কিছুটা কমাতে পারে বিমান সংস্থাগুলো। আগামী তিন মাস বাজারের পরিস্থিতি এবং যুদ্ধের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে AERA।