পানিহাটিতে ‘অভয়ার মা’: বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সম্পত্তির খতিয়ান ফাঁস! কত টাকার মালিক তিনি?

২০২৪ সালের ৯ আগস্টের সেই অভিশপ্ত রাত বদলে দিয়েছিল তাঁর জীবন। আরজি কর কাণ্ডে নিজের মেয়েকে হারিয়ে সুবিচারের দাবিতে রাজপথে লড়াই করেছেন তিনি। সেই পরিচিত মুখ, ‘অভয়ার মা’ রত্না দেবনাথ (Ratna Debnath) এবার রাজনীতির আঙিনায়। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দিলেন। আর সেই সঙ্গেই সামনে এল তাঁর হলফনামায় উল্লিখিত সম্পত্তির খতিয়ান।
হলফনামা অনুযায়ী, রত্না দেবনাথের কাছে বর্তমানে নগদ ২০ হাজার টাকা রয়েছে। তাঁর নামে কোনও জমি বা বাড়ি নেই। তবে ব্যাঙ্কে জমানো পুঁজি এবং গয়না মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৯ লক্ষ ২ হাজার ৪৩২ টাকা। এর মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সোদপুর শাখায় তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে রয়েছে ৯০ হাজার ৪২২ টাকা এবং ১ লক্ষ ও ৮ লক্ষ টাকার দুটি ফিক্সড ডিপোজিট রয়েছে। গয়না বলতে তাঁর কাছে রয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৩০ গ্রাম সোনা। মজার বিষয় হলো, তাঁর একটি গাড়ি রয়েছে যা তিনি তাঁর স্বামীর সঙ্গে যৌথভাবে ব্যবহার করেন; এটি তাঁর মেয়ের দেওয়া উপহার।
অন্যদিকে, রত্না দেবনাথের স্বামী শেখররঞ্জন দেবনাথের সম্পত্তির পরিমাণ তাঁর স্ত্রীর তুলনায় কিছুটা বেশি। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৫ লক্ষ ৯৬ হাজার ৩৪৯ টাকা। এর মধ্যে ১০ লক্ষ, ১৫ লক্ষ এবং ৫ লক্ষ টাকার তিনটি ফিক্সড ডিপোজিট রয়েছে। এছাড়াও স্থাবর সম্পত্তি হিসেবে সোদপুরে ১০৮০ বর্গফুটের একটি বাড়ি রয়েছে তাঁর নামে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আবেগ আর প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা রত্না দেবনাথ কি পারবেন পানিহাটির মানুষের মন জয় করতে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গেরুয়া শিবিরের কাছে এই আসনটি এখন অত্যন্ত মর্যাদার লড়াই।