Recipe: ভাপা বা সর্ষে চিংড়ি তো অনেক হলো, এবার ট্রাই করুন জিভে জল আনা ‘কচুপাতা চিংড়ি’!

বাঙালির পাতে চিংড়ি মাছ মানেই এক আলাদা আবেগ। সে মালাইকারি হোক বা সর্ষে ভাপা—চিংড়ির যে কোনও পদেই ভাতের থালা নিমেষে খালি হয়ে যায়। কিন্তু একঘেয়ে পদ ছেড়ে মাঝে মাঝে স্বাদ বদল করতে মন চায়। আপনি কি জানেন, অতি সাধারণ কচুপাতা আর চিংড়ি দিয়ে অনবদ্য এক রাজকীয় পদ তৈরি করা সম্ভব? বাড়িতে অতিথি আসুক বা রবিবারের স্পেশাল লাঞ্চ, খুব অল্প উপকরণে আপনিও বানিয়ে ফেলতে পারেন ‘কচুপাতা চিংড়ি’। রেস্তোরাঁর স্বাদে এই ঘরোয়া রেসিপিটি কীভাবে বানাবেন? রইল তার সহজ পদ্ধতি।

উপকরণ:
কচুপাতা (১০টি), কুচো চিংড়ি (৫০০ গ্রাম), সর্ষের তেল (২০০ গ্রাম), সর্ষে বাটা (৩০ গ্রাম), কাজুবাদাম (১০ গ্রাম), পোস্ত (২০ গ্রাম), নারকেল কোরা (এক কাপ), কাঁচালঙ্কা (৫টি), নুন ও চিনি (স্বাদমতো), হলুদ গুঁড়ো (দু’চা চামচ) এবং পাতিলেবু (১টি)।

প্রণালী:
প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর কচুপাতাগুলো কুচি করে কেটে নুন ও লেবু মেশানো গরম জলে হালকা ভাপিয়ে নিতে হবে (এতে গলা চুলকানোর ভয় থাকে না)। এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিন। ওই তেলেই কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা এবং সর্ষে বাটা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে ভাজা চিংড়িগুলো দিয়ে দিন। পরিমাণমতো নুন, চিনি ও হলুদ দিয়ে ওপর থেকে নারকেল কোরা মিশিয়ে নাড়তে থাকুন। নামানোর মিনিট দুয়েক আগে ভাপিয়ে রাখা কচুপাতা কুচি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। নামানোর আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি গরম ভাতের পরম তৃপ্তি ‘কচুপাতা চিংড়ি’।