নেপালে গিয়ে গুটখার পিক ফেলে চরম শিক্ষা! ভারতীয় পর্যটককে দিয়ে রাস্তা সাফ করালেন স্থানীয় যুবক

বিদেশে ঘুরতে গিয়ে কাণ্ডজ্ঞানহীন আচরণ করতে গিয়ে ফের একবার বিপাকে পড়লেন একদল ভারতীয় পর্যটক। নেপালে গিয়ে রাস্তার ওপর গুটখার পিক ফেলে এক স্থানীয় বাসিন্দার ক্ষোভের মুখে পড়লেন তাঁরা। শুধু তাই নয়, রীতিমতো ধমক দিয়ে রাস্তা পরিষ্কার করতে বাধ্য করা হল ওই ভারতীয় পর্যটককে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
কী ঘটেছিল আসলে?
জানা গিয়েছে, নেপাল ভ্রমণে গিয়ে একদল ভারতীয় পর্যটক একটি গাড়ি ভাড়া করেছিলেন। গাড়িটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন জানলা দিয়ে মুখ বাড়িয়ে গুটখার পিক ফেলেন জনৈক এক যুবক। এই দৃশ্য দেখেই স্থানীয় এক নেপালি বাসিন্দা গাড়িটি থামান। ক্ষিপ্ত ওই বাসিন্দা সরাসরি গাড়ি থেকে ওই পর্যটককে নামতে বলেন এবং জনসমক্ষে রাস্তা নোংরা করার কৈফিয়ত চান। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “এটা ভারত নয় ভাই, এটা নেপাল। জলদি জল ঢেলে পরিষ্কার করো।”
রাস্তা সাফ করে রেহাই:
পরিস্থিতি বেগতিক দেখে অন্য পর্যটকরা নেমে এসে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। কিন্তু নেপালের ওই বাসিন্দা ছিলেন অনড়। তিনি সাফ জানান, যিনি নোংরা করেছেন, তাঁকেই পরিষ্কার করতে হবে। শেষমেশ জলের বোতল নিয়ে রাস্তায় ঝুঁকে পড়ে নিজের ফেলা গুটখার পিক ধুয়ে সাফ করেন ওই ভারতীয় যুবক। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে নেপালের ওই বাসিন্দা আরও বলেন, “ভারত এত বড় দেশ, সেখান থেকে এসে অন্য দেশে এভাবে নোংরা ছড়ানো কি সাজে?”
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। নেটিজেনদের একাংশ ভারতীয় পর্যটকদের এই অভব্য আচরণের তীব্র নিন্দা করেছেন। কেউ লিখেছেন, “বিদেশে গিয়ে দেশের সম্মান ডোবানো কিছু মানুষের মজ্জাগত অভ্যেস।” আবার অনেকে নেপালি যুবকের দেশপ্রেমের প্রশংসা করেছেন। তবে পাল্টাসুরও রয়েছে; কেউ কেউ দাবি করেছেন যে একজনের ভুলের জন্য পুরো ভারতকে লক্ষ্য করে কটাক্ষ করা উচিত হয়নি। সব মিলিয়ে, এই ভিডিওটি এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।