ইন্ডাস্ট্রিতে অভিষেক ‘নেপো মা’-এর! অঙ্কুশের হাত ধরে ক্যামেরার সামনে মা, ট্যান্ট্রাম সামলাতে হিমশিম অভিনেতা

বিনোদন জগতে ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ এক অতি পরিচিত বিতর্ক। তারকা-সন্তানরা অভিনয়ের আঙিনায় পা রাখলেই ধেয়ে আসে সমালোচনার তির। কিন্তু এবার টলিউডে ঘটল এক মজার উলটপুরাণ! কোনো স্টার-কিড নয়, বরং খোদ তারকার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে ডেবিউ করলেন তাঁর মা। সৌজন্যে টলিউড হার্টথ্রব অঙ্কুশ হাজরা। ছেলের দৌলতে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন অঙ্কুশের মা, আর তা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল।

অভিষেক হল ‘নেপো মা’-এর!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। সেখানে দেখা যাচ্ছে, কালো পাঞ্জাবিতে হ্যান্ডসাম অভিনেতা আর পাশে সবুজ শাড়িতে সজ্জিতা তাঁর মা। খুব মন দিয়ে স্ক্রিপ্ট পড়ছেন তিনি। অঙ্কুশ মজা করে ছবির ক্যাপশনে লিখেছেন, “প্রথমবার মায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনের শ্যুট করছি। ইন্ডাস্ট্রিতে ১৬ বছর ধরে কাজ করছি, কিন্তু আসল ট্যান্ট্রাম (বায়না) কাকে বলে আজ বুঝলাম! ইন্ডাস্ট্রিতে তোমাকে স্বাগত নেপো মা!” অভিনেতার এই মজাদার পোস্টে মিমি চক্রবর্তী থেকে বিক্রম চট্টোপাধ্যায়— সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

অঙ্কুশের সমীকরণ ও বর্তমান ব্যস্ততা:
পেশাদার জীবনে গত বছরটি অঙ্কুশের জন্য ছিল বেশ বৈচিত্র্যময়। ‘রক্তবীজ ২’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের চমকে দিয়েছিলেন। তবে চলতি বছরে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ বক্স অফিসে সেভাবে দাঁত ফোটাতে পারেনি। এর মাঝেই টলিউডের অন্দরমহলে যখন ফেডারেশন ও ফোরামের দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি, তখন পারিবারিক ‘মেডিকেল ইমার্জেন্সি’র কারণে মিটিংয়ে যোগ দিতে পারেননি অঙ্কুশ। তবে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির স্বার্থে নেওয়া যেকোনো ইতিবাচক সিদ্ধান্তের পাশেই তিনি আছেন। আপাতত মায়ের সঙ্গে এই নতুন কাজের অভিজ্ঞতা অঙ্কুশ এবং তাঁর অনুরাগী— উভয়ের কাছেই এক বিশেষ পাওনা হয়ে রইল।