৫০ লাখের লোনে দিতে হবে ১ কোটি! হোম লোন নেওয়ার আগে এই ‘গোপন’ অঙ্কটি কি জানতেন?

নিজের এক চিলতে ছাদের স্বপ্ন কার না থাকে? কিন্তু মধ্যবিত্তের সেই স্বপ্ন পূরণের প্রধান হাতিয়ার ‘হোম লোন’ অনেক সময় আর্থিক স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজি থাকলেও লোন নেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে যদি আপনি সেই টাকা অন্য কোথাও ১২-১৫% রিটার্নে বিনিয়োগ করেন। কারণ হোম লোনের সুদের হার সাধারণত ৭-৮ শতাংশ। তবে মনে রাখবেন, নতুন কর ব্যবস্থায় এখন আর আগের মতো ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না, তাই শুধু কর বাঁচানোর জন্য লোন নেওয়া এখন অতীত।

বেতনের কতটুকু ইএমআই দেবেন?
আর্থিক বিশেষজ্ঞদের মতে, আপনার মোট বেতনের ৩০-৪০ শতাংশের বেশি ইএমআই রাখা একদমই উচিত নয়। যদিও ব্যাঙ্কগুলো ৫০-৫৫ শতাংশ পর্যন্ত লোন দিতে রাজি হয়, কিন্তু ১-২ লাখ টাকা বেতনের ক্ষেত্রে অর্ধেক টাকা কিস্তিতে চলে গেলে মুদ্রাস্ফীতির বাজারে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

সুরক্ষাকবচ ও এসআইপি-র গুরুত্ব
বর্তমান কর্পোরেট জগতে ছাঁটাই একটি রূঢ় বাস্তবতা। চাকরি হারালে যাতে লোনের বোঝা ঘাড়ে না চাপে, তার জন্য ‘লোন প্রোটেকশন ইন্স্যুরেন্স’ নেওয়া জরুরি। এটি আপনার বিপদের সময় ৩-৬ মাসের কিস্তি মিটিয়ে দেবে। পাশাপাশি লোনের সাথে একটি এসআইপি (SIP) শুরু করা উচিত, যা জরুরি তহবিলের কাজ করবে।

৫০ লাখের লোনে ১ কোটি ফেরত!
একটি অবাক করা তথ্য হলো, ২০-২৫ বছরের মেয়াদে লোন নিলে আপনি সুদে-আসলে প্রায় দ্বিগুণ টাকা ব্যাঙ্ককে ফেরত দেন। ৫০ লাখের লোন মেয়াদের শেষে ১ কোটি টাকায় গিয়ে ঠেকে। তাই বুদ্ধিমানের কাজ হলো, আয় বাড়ার সাথে সাথে লোন আগেভাগে শোধ করে দেওয়া অথবা মেয়ার কমিয়ে আনা। সঠিক পরিকল্পনা আর শৃঙ্খলা থাকলে গৃহঋণ আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হতে পারে।