লক্ষ্মীবারে সোনায় সোহাগা! হু হু করে নামল সোনার দাম, মধ্যবিত্তের নাগালে ২২ ও ২৪ ক্যারাট

পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝে আজ, ৯ এপ্রিল বৃহস্পতিবার ভারতীয় বাজারে সোনার দামে বড়সড় পতন দেখা গেল। গতকাল যেখানে সোনার দাম আকাশছোঁয়া হয়ে লগ্নিকারীদের কপালে ভাঁজ ফেলেছিল, আজ লক্ষ্মীবারে সেই দাম অনেকটাই কমে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়েছে। গতকাল ১০০ গ্রাম সোনার দাম একধাক্কায় ৪০ হাজার টাকা বাড়লেও, আজ সেই বৃদ্ধির গ্রাফ নিম্নমুখী।
আজকের বাজার দর (১০ গ্রাম):
| শহর | ২২ ক্যারাট (টাকা) | ২৪ ক্যারাট (টাকা) |
| কলকাতা | ১,৩৮,৮৫০ | ১,৫১,৪৮০ |
| দিল্লি | ১,৩৯,০০০ | ১,৫১,৬৩০ |
| মুম্বই | ১,৩৮,৮৫০ | ১,৫১,৪৮০ |
| চেন্নাই | ১,৩৮,৮৫০ | ১,৫১,৪৮০ |
| পাটনা | ১,৩৮,৯০০ | ১,৫১,৫৩০ |
কেন এই পতন?
সোনার দাম কমার পেছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির খবর বাজারকে প্রভাবিত করেছে। দ্বিতীয়ত, অপরিশোধিত তেলের দামের ব্যাপক পতন এবং মার্কিন ডলারের দুর্বল অবস্থান লগ্নিকারীদের নতুন করে ভাবাচ্ছে। এর পাশাপাশি, গতকাল বুধবার আরবিআই (RBI) গভর্নর সঞ্জয় মলহোত্র ঘোষণা করেছেন যে, ভারতে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হচ্ছে। মূলত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজারের স্থিতিশীলতা বজায় রাখতেই গত ডিসেম্বর থেকে এই হারে কোনো বদল করা হয়নি।
তবে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। লেবাননে ইজরায়েলি হামলার জেরে ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেলের বাজার ফের চড়তে শুরু করেছে। এরই পাল্টায় সোনার বাজারে আজ নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেল।