এক রাতেই তছনছ শান্তিচুক্তি! ইজরায়েলি হানার পালটা ৩ দেশে ইরানের হামলা, ফের যুদ্ধের মুখে দুনিয়া

বুধবার ভোরে আমেরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, বুধবার রাত বাড়তেই তা কার্যত কাগজের টুকরোয় পরিণত হলো। লেবাননে হিজবুল্লাহর ওপর ইজরায়েলের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় এবার ইরাক, কুয়েত ও কাতারে পালটা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলি। এর ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে।

কেন এই পালটা হামলা?
ইজরায়েলের দাবি ছিল, লেবানন ও হিজবুল্লাহ এই যুদ্ধবিরতির অংশ নয়। এই যুক্তিতেই তারা বুধবার লেবাননে হানা দেয়। এর প্রতিবাদে সরব হয়েছে মোজতবা খামেনির দেশ। রয়টার্সের খবর অনুযায়ী, ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ড্রোজ হানা হয়েছে। মার্কিন দূতাবাস এই হামলার সত্যতা স্বীকার করে নিয়েছে।

হরমুজের নতুন ‘টোল’ বিতর্ক
সবচেয়ে বড় চমক দেখা দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’ নিয়ে। ইরান জানিয়েছে, আমেরিকার সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী এখন থেকে এই পথ দিয়ে যাওয়া প্রতিটি জাহাজকে ব্যারেল প্রতি ১ ডলার করে শুল্ক বা টোল দিতে হবে। যুদ্ধের ফলে ইরানের যে আর্থিক ক্ষতি হয়েছে, তা পূরণ করতেই এই মাসুল আদায়ের সিদ্ধান্ত। যারা এই টোল দিতে অস্বীকার করবে বা বিনা অনুমতিতে যাওয়ার চেষ্টা করবে, তাদের ওপর সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর ফলেই ফের অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী।