SPORTS: বুমরার প্রথম বলেই ছক্কা হাঁকালেন বৈভব, দেখুন সেই দুধর্ষ ব্যাটিংয়ের ভিডিও

মঙ্গলবার রাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকল এক নতুন নক্ষত্রের উদয়ের। মাত্র ১৫ বছর বয়সে জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের মতো বিশ্বের তাবড় পেসারদের যেভাবে শাসন করলেন বৈভব সূর্যবংশী, তা দীর্ঘকাল ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে। বৃষ্টির কারণে ম্যাচ ১১ ওভারে নেমে আসলেও উত্তেজনার কোনও কমতি ছিল না। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ১৫০/৩ রান তোলে এবং মুম্বই ইন্ডিয়ান্সকে ১২৩/৯ রানে আটকে দিয়ে ২৭ রানে জয় ছিনিয়ে নেয়।
বৈভবের বিধ্বংসী ‘বার্তা’: গত বছর মুম্বইয়ের বিরুদ্ধে খাতা খুলতে না পারলেও, এবার হিসেব চুকিয়ে দিলেন বৈভব। রাজস্থানের ইনিংসের দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরাহর হাতে বল তুলে দিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। বৈভব তাঁর প্রথম বলেই মিড অনের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন যে তিনি ভয় পেতে আসেননি। সেই ওভারে তিনি আরও একটি ছক্কা মারেন। বোল্ট ও শার্দুল ঠাকুরকেও রেয়াত করেননি তিনি। মাত্র ১৪ বলে ৩৯ রানের এই ইনিংস রাজস্থানকে পাওয়ারপ্লে-তে (৩.২ ওভার) ৫৯ রানে পৌঁছে দেয়।
জয়সওয়ালের দাপট ও মুম্বইয়ের আত্মসমর্পণ: ওপেনিং জুটিতে বৈভবের ঝোড়ো ইনিংসের পাশে যশস্বী জয়সওয়াল তাঁর ধারাবাহিকতা বজায় রাখেন। ১১ ওভারের ম্যাচে রাজস্থান ১৫০ রানের পাহাড় প্রমাণ স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা ভালো হয়নি। সন্দীপ শর্মা রোহিত শর্মার মূল্যবান উইকেটটি তুলে নিয়ে মুম্বইয়ের মেরুদণ্ড ভেঙে দেন। হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা দ্রুত সাজঘরে ফিরলে মুম্বইয়ের পরাজয় সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়।
HE IS HIM MOMENT FOR VAIBHAV. 🥶🔥
– 15 year old Vaibhav Suryavanshi smashed Jasprit Bumrah for two sixes in 3 balls. 🤯 pic.twitter.com/rCZ5Hx0aGl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 7, 2026
পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়ানরা: এই জয়ের ফলে ৩ ম্যাচে ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এল রিয়ান পরাগের রাজস্থান রয়্যালস। অন্যদিকে, টানা দুটি হারের মুখ দেখে সাত নম্বরে নেমে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জয়সওয়াল, তবে ১৫ বছরের বৈভবের নির্ভীক ব্যাটিং ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে।