‘ভোট এলেই মোদী-শাহর ম্যাপে বাংলা দেখা দেয়’! কোচবিহারে দাঁড়িয়ে ‘পরিযায়ী জমিদার’ কটাক্ষ অভিষেকের

বুধবার কোচবিহারের নির্বাচনী প্রচারের ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের ‘বাংলা-বিরোধী জমিদার’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, ভোট ফুরোলেই এই নেতারা উধাও হয়ে যান, কিন্তু তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে।
নিজের ‘X’ (টু্ইটার) হ্যান্ডেলে কোচবিহারের সভার একটি ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, “কোথায় ছিলেন তাঁরা? কোথাও না। কারণ তাঁরা মানুষের জন্য আসেননি, এসেছিলেন ভোটের জন্য। একমাত্র তৃণমূল কংগ্রেসই সব পরিস্থিতিতে, সব সময়ে, কোনও শর্ত বা হিসাব ছাড়াই মানুষের পাশে দাঁড়িয়েছে।” তাঁর অভিযোগ, বিজেপি নেতৃত্ব বাংলা-বিরোধী মনোভাব পোষণ করে এবং উন্নয়নের বদলে কেবল ভোট চায়।
প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অভিষেক বলেন, “এটা খুবই অদ্ভুত যে নরেন্দ্র মোদী আর অমিত শাহ শুধু ভোটের আগেই ভারতের ম্যাপে পশ্চিমবঙ্গকে খুঁজে পান। তাঁরা মিথ্যের সুটকেস, ক্যামেরা আর টেলপ্রম্পটার নিয়ে বাংলায় হাজির হন, বড় বড় ভাষণ দেন, কিন্তু কাজের কাজ কিছু করেন না।” উত্তরবঙ্গের বন্যা, চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে সাধারণ মানুষের মৃত্যুর প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। সেই সঙ্গে NRC ইস্যু তুলে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কোচবিহারে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী মোদী হুঙ্কার দিয়েছিলেন যে, ৪ মে ভোটের ফল বেরোনোর পর তৃণমূলকে তাদের ‘পাপের’ হিসাব দিতে হবে। এদিন সেই বক্তব্যেরই পালটা দিলেন অভিষেক। কোচবিহার সহ উত্তরবঙ্গে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। তার আগে অভিষেক ও মোদীর এই দ্বৈরথ বঙ্গ রাজনীতির উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ৪ মে ফল প্রকাশের দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।