“মুখে কেন লিউকোপ্লাস্ট মোদীবাবুর?”-পাকিস্তানের হুমকি নিয়ে আরামবাগ থেকে গর্জালেন মমতা!

২০২৬-এর নির্বাচনী পারদ চড়ল আরামবাগে। বুধবার কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-র বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তান ইস্যু থেকে শুরু করে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া— প্রতিটি বিষয়েই মেজাজি মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো।
পাকিস্তান ইস্যু ও মোদীকে আক্রমণ: সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, পাকিস্তান অভিযান চালালে তার রেশ ‘কলকাতা পর্যন্ত’ পৌঁছাবে। এই ঘটনার উল্লেখ করে মোদীকে নিশানা করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, “বাংলাকে যখন পাকিস্তান হুমকি দিচ্ছে, তখন কেন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বসে আছেন মোদীবাবু? ভারত কেন চুপ করে আছে?” মুখ্যমন্ত্রীর দাবি, দেশের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের এই মৌনতা অত্যন্ত বিপজ্জনক।
ভোটার তালিকা ও ট্রাইব্যুনাল নিয়ে ক্ষোভ: ভোটার তালিকা (SIR) থেকে ২৭ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপি-র আঁতাঁতের অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, “ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ না দিয়েই কেন ভোটার তালিকা ফ্রিজ করা হলো? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের ফের কোর্টে যাওয়া উচিত।”
আরামবাগের মাটি থেকে ঢালাও প্রতিশ্রুতি: এদিন জনসভা থেকে একগুচ্ছ সামাজিক প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দেন:
-
রাজ্যে কোনও কাঁচা বাড়ি থাকবে না, সব বাড়ি পাকা করে দেওয়া হবে।
-
‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা মা-বোনেরা সারাজীবন পাবেন।
-
আলু চাষিদের পাশে দাঁড়িয়ে সরকার নিজেই মিড-ডে মিল ও আইসিডিএস-এর জন্য আলু কিনছে।
আরএসএস ও বিজেপি-কে ‘বহিরাগত’ তোপ: আরএসএস কর্মীদের ‘ত্যাগী থেকে ভোগী’ বলে কটাক্ষ করেন মমতা। সতর্ক করে বলেন, “লুকিয়ে কিছু আরএসএস লোক ব্যাংক অ্যাকাউন্ট চাইবে, ভুলেও দেবেন না। ভোটের পর সব টাকা তুলে নেবে।” পাশাপাশি তাঁর দাবি, বিজেপি-র নিজেদের লোক নেই বলেই তারা রেল ও বাসে করে বাইরে থেকে লোক আনছে। সব শেষে তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে তাঁর চিরপরিচিত স্লোগান তুলে ধরেন— “সব কেন্দ্রে মনে করবেন আমিই প্রার্থী।”