“পড়শি রাজ্যে ভোট, আর বাস উধাও কোচবিহারে! একাধিক নামী স্কুলে ক্লাস বন্ধের নির্দেশ?

ভোটের ঢেউ এবার সীমান্ত পেরিয়ে আছড়ে পড়ল কোচবিহারের জনজীবনে। আগামী ৯ এপ্রিল অসমের বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনী বৈতরণী পার করতে কোচবিহার জেলা থেকে কয়েকশো ছোট-বড় যানবাহন রিকুইজিশন করেছে অসম প্রশাসন। যার সরাসরি প্রভাব পড়েছে কোচবিহার শহরের স্কুলবাস ও পুলকার পরিষেবাতে। বহু বেসরকারি স্কুলের বাস নিয়ে নেওয়ায় কার্যত বিপর্যস্ত পঠনপাঠন।
বন্ধ ক্লাস, বদলেছে পরীক্ষার সূচি: কোচবিহারের নামী ইংরেজি মাধ্যম স্কুল থেকে শুরু করে বাংলা মাধ্যম— সব জায়গাতেই ছবিটা এক। শহরের হাজরাপাড়া ও গোপালপুর এলাকার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ৮টি বাস ও ৪টি ছোট গাড়ি অসমের ভোটের কাজে নেওয়া হয়েছে। স্কুলের প্রিন্সিপাল রোমা লাহিড়ি জানিয়েছেন, “বাস না থাকায় নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস ১০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে।” তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু থাকলেও পড়ুয়াদের নিজেদের দায়িত্বে আসতে হচ্ছে।
অভিভাবকদের মাথায় হাত: অন্য একটি স্কুলের প্রধান শিক্ষক চঞ্চল দাস জানান, তাঁদের ৬টি বাস অসম সরকার নিয়ে নেওয়ায় অভিভাবকদের বলা হয়েছে নিজেরাই যেন সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে যান। এর ফলে যানজট ও যাতায়াতের সমস্যায় নাজেহাল অভিভাবকরা। অনেকেরই অভিযোগ, নিজের রাজ্যের ভোটের আগে পড়শি রাজ্যের ভোটের জন্য কেন স্থানীয় স্কুল পরিষেবা ব্যাহত হবে?
পরিবহণ দফতরের পরিসংখ্যান: জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক (RTO) নবীনচন্দ্র অধিকারী জানিয়েছেন, “অসমের নির্বাচনের জন্য কোচবিহার থেকে মোট ৩০০টি বাস এবং ১০০টি ছোট গাড়ি নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু স্কুলবাসও রয়েছে।” তবে আশ্বাস দিয়েছেন যে, ১০ এপ্রিলের মধ্যে সমস্ত যানবাহন জেলায় ফিরে আসবে।
উল্লেখ্য, কোচবিহারে নিজেদের ভোট রয়েছে আগামী ২৩ এপ্রিল। তার আগে ২১ এপ্রিল থেকে জেলা প্রশাসন গাড়ি নেওয়া শুরু করবে। তখন স্কুল ছুটি থাকার সম্ভাবনা থাকলেও, অসমের ভোটের এই আগাম ধাক্কায় আপাতত নাজেহাল ‘রাজার শহর’।