উত্তরপাড়ায় স্কুলের আড়ালে লালসা! বাথরুমে নিয়ে গিয়ে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড়

উত্তরপাড়ার একটি সরকারি হিন্দি মাধ্যম প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের তির স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘ কয়েক মাস ধরে স্কুলের ভেতর ছাত্রীদের ওপর যৌন নির্যাতন চালানো হচ্ছিল বলে বিস্ফোরক দাবি করেছেন অভিভাবকরা। এই ন্যক্কারজনক ঘটনাটি প্রকাশ্যে আসে গত রবিবার, যখন এক গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়ে ছাত্রীরা তাঁদের যন্ত্রণার কথা জানায়।

নির্যাতিতা ছাত্রীদের বয়ান অনুযায়ী, ওই শিক্ষক তাঁদের বাথরুমে নিয়ে গিয়ে গোপনাঙ্গে হাত দিত এবং অশালীন কাজ করত। বিষয়টি কাউকে জানালে ফের একই কাজ করার এবং বড় বিপদের হুমকিও দেওয়া হত খুদেদের। ভয়ে এতদিন তাঁরা বাড়িতে কিছু বলেনি। বিষয়টি জানার পর ওই গৃহশিক্ষিকা স্কুলের প্রধান শিক্ষক এবং অভিভাবকদের খবর দেন। মঙ্গলবার স্থানীয় কাউন্সিলর সুমন চক্রবর্তী স্কুলে পৌঁছে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন এবং উত্তরপাড়া থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

কাউন্সিলর সুমন চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, “এটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা। ওই শিক্ষক আজ স্কুলে আসেননি, আমরা তাঁর কঠোর শাস্তি দাবি করছি।” অভিভাবকদের প্রশ্ন, বিদ্য মন্দিরের শিক্ষকই যদি এই ধরনের বিকৃত রুচির পরিচয় দেন, তবে সন্তানদের কোথায় সুরক্ষিত রাখা যাবে? উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।