ধ্বংসের ডেডলাইন শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নাটকীয় মোড়, ইরানে যুদ্ধবিরতি ট্রাম্পের!

আজ রাতের মধ্যেই সভ্যতা ধ্বংস হবে’—ডোনাল্ড ট্রাম্পের এই হাড়হিম করা বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে স্বস্তি। ধ্বংসাত্মক হামলা চালানোর সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনীরের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তবে শর্ত একটাই, অবিলম্বে বাণিজ্যিক চলাচলের জন্য খুলে দিতে হবে রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’।

হোয়াইট হাউস সূত্রে খবর, ট্রাম্পের এই যুদ্ধবিরতিকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইজরায়েলও। এই ১৪ দিনের মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত না করে, তবে দেশটির অসামরিক পরিকাঠামো, পাওয়ার প্ল্যান্ট ও সেতুর ওপর ফের সামরিক অভিযান শুরু হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করেছে, আমেরিকা কার্যত তাদের ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে। যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্মতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানকে ক্ষতিপূরণ প্রদানের মতো কড়া শর্তাবলি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ফল হয়েছে ভয়াবহ। এখনও পর্যন্ত ইরানে প্রায় ১৯০০ এবং লেবাননে ১৫০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। লক্ষ লক্ষ মানুষ আজ ভিটেহারা। লেবানন সীমান্তে প্রাণ হারিয়েছেন ১১ জন ইজরায়েলি সেনাও। আগামী দু’সপ্তাহের এই বিরতিই কি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে, নাকি এটি ঝড়ের আগের স্তব্ধতা—সেদিকেই এখন নজর রাখছে গোটা বিশ্ব।