‘দেওয়ালে পদ্ম থাকলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার!’ তৃণমূল নেত্রীর চরম হুঁশিয়ারিতে তোলপাড় মেমারি

পূর্ব বর্ধমানের মেমারিতে এক নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রীর বিতর্কিত মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মেমারি ১ নম্বর ব্লকের তৃণমূলের মহিলা সভানেত্রী গীতা দাসের সাফ হুঁশিয়ারি— “যাদের বাড়ির দেওয়ালে পদ্ম আঁকা আছে, তা না মুছলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা বন্ধ করে দেওয়া হবে।” তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে আয়োজিত সভায় সুপারস্টার দেব পৌঁছানোর আগেই এই মন্তব্য করে বসেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এখানেই থামেননি গীতা দাস। সরাসরি বিজেপি সমর্থকদের আক্রমণ করে তিনি বলেন, “তোদের লজ্জা হওয়া উচিত। তোরা মোদীর কাছে মদ আর মাংস খাওয়ার টাকা পাচ্ছিস আর দেওয়ালে পদ্ম আঁকছিস।” বিজেপি কর্মীরা ভোট চাইতে গেলে তাঁদের ঝাঁটা নিয়ে তাড়া করার পরামর্শও দেন তিনি। তাঁর এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী শিবির। মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ বলেন, “মানুষ ব্যালট বক্সে এই হুমকির জবাব দেবে। যাঁদের পায়ের তলায় মাটি নেই, তাঁরাই এমন ভয় দেখাচ্ছেন।” অন্যদিকে সিপিএম প্রার্থী কৃশানু ভদ্র একে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে দেগে দিয়েছেন।
বিতর্ক বাড়লেও নিজের অবস্থানে অনড় গীতা দাস। তাঁর যুক্তি, “তৃণমূলের কর্মীরাই ফর্ম ফিলাপ করে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা নিয়ে দেওয়ালে পদ্ম আঁকা কেন? যদি ভাণ্ডার রাখতে হয়, তবে পদ্ম আঁকা যাবে না।” সরকারি প্রকল্পের সঙ্গে রাজনৈতিক আনুগত্যের এই সরাসরি যোগসূত্র নিয়ে আপাতত মেমারির অলিগলিতে তুঙ্গে চর্চা।