৯৫ মিনিটের নাটকীয়তা! ট্রাম্পের ‘ধ্বংসাত্মক’ হামলার ঠিক আগেই মধ্যস্থতায় পাকিস্তান, যুদ্ধবিরতি ইরানে।

ধ্বংসের কিনারা থেকে আপাতত রক্ষা পেল মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ‘ডেডলাইন’ শেষ হওয়ার মাত্র ৯০ মিনিট আগে নাটকীয় মোড় নিল আমেরিকা-ইরান সংঘাত। বুধবার সকালে ট্রাম্প নিজেই জানিয়েছেন, পাকিস্তানের বিশেষ অনুরোধে তিনি ইরানের ওপর প্রস্তাবিত ভয়াবহ সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
তবে এই শান্তিপ্রক্রিয়া একেবারেই শর্তহীন নয়। ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে স্পষ্ট করেছেন, ইরানকে অবিলম্বে এবং নিরাপদে ‘হরমুজ প্রণালী’ বাণিজ্যিক চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। পাল্টা জবাবে তেহরানও ইতিবাচক সংকেত দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আমেরিকা হামলা বন্ধ রাখলে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষা অভিযান স্থগিত রাখবে এবং দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। আগামী শুক্রবার, ১০ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনায় বসবেন।
উল্লেখ্য, ইরান আমেরিকার সামনে ১০ দফা দাবি পেশ করেছে, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেওয়া, সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া। ট্রাম্প এই প্রস্তাবগুলিকে আলোচনার ‘কার্যকর ভিত্তি’ হিসেবে মেনে নিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মুখোমুখি আলোচনার প্রস্তুতি চললেও চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সতর্ক থাকছে ওয়াশিংটন। এই আবহে ইরানে থাকা ভারতীয়দের আগামী ৪৮ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।