১৩ এপ্রিলই কি চূড়ান্ত ফয়সালা? ১.২ কোটি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের জন্য আসছে বড় খবর!

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য প্রতীক্ষার অবসান হতে চলেছে। বহুল প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে অবশেষে মিলল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ১৩ এপ্রিল ন্যাশনাল কাউন্সিলের ড্রাফটিং কমিটি এক হাই-ভোল্টেজ বৈঠকে বসতে চলেছে, যেখানে নতুন বেতন কাঠামোর খসড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেশের প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ভাগ্য নির্ধারিত হতে পারে এই বৈঠকেই।
সূত্রের খবর, অষ্টম বেতন কমিশনে ন্যূনতম বেসিক পে বা মূল বেতন একলাফে বেড়ে ৪৬,০০০ টাকা পর্যন্ত হতে পারে। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় যা অনেকটাই কম। শুধু কর্মরতরাই নন, সুখবর পেতে পারেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। মনে করা হচ্ছে, ন্যূনতম পেনশনের পরিমাণ ২৫,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। বেতন বৃদ্ধির এই পুরো বিষয়টি নির্ভর করছে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’-এর ওপর। সপ্তম পে কমিশনে এই ফ্যাক্টর ছিল ২.৫৭, যার ফলে ন্যূনতম বেতন ১৮,০০০ টাকায় পৌঁছেছিল। এবার এই ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ থেকে ২.৮৬-এর মধ্যে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি এই প্রস্তাব সবুজ সংকেত পায়, তবে ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা থেকে বেড়ে ২৫,৭৪০ টাকা পর্যন্ত হতে পারে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে মতামত সংগ্রহের জন্য একটি পোর্টাল চালু করেছে। ১৩ এপ্রিলের এই বৈঠকে ড্রাফটিং কমিটি সরকার এবং কর্মী সংগঠনগুলোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। বেতন কাঠামো, মহার্ঘ ভাতা (DA) এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে একটি স্বচ্ছ রূপরেখা তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য। নতুন পে কমিশন কার্যকর হলে মূল্যবৃদ্ধির বাজারে কেন্দ্রীয় কর্মীদের আর্থিক ভাঁড়ারে যে বড়সড় জোয়ার আসবে, তা বলাই বাহুল্য।