‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুরে মমতার মেগা শো, শাহ-শুভেন্দু জুটিকে পাল্টা চ্যালেঞ্জ দিদির!

ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের পারদ তুঙ্গে চড়িয়ে আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি। উল্লেখ্য, এই একই কেন্দ্র থেকে আগেই মনোনয়ন পেশ করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, যাঁর সঙ্গী ছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের সেই ‘ঘরে ঢুকে হারানো’র চ্যালেঞ্জের পর আজ মমতা পাল্টা কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল।
তৃণমূল সূত্রে খবর, আজকের মনোনয়ন পেশের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’র এক শক্তিশালী বার্তা দিতে চলেছেন। ভবানীপুর কেন্দ্রটি কার্যত ‘মিনি ইন্ডিয়া’। একদিকে যেমন এখানে বাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে, তেমনই অন্য দিকে রয়েছে গুজরাতি, পঞ্জাবি, মাড়োয়ারি ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিশাল জনবসতি। এই বৈচিত্র্যকে হাতিয়ার করেই মমতার মিছিলে ও প্রস্তাবক তালিকায় সব ধর্মের প্রতিনিধিরা থাকতে পারেন বলে জানা গেছে। প্রস্তাবক হিসেবে ফিরহাদ হাকিমের স্ত্রী রুবি হাকিম, শিক্ষা জগতের পরিচিত মুখ মীরাজ শা এবং বাবলু সিংয়ের নাম উঠে আসছে।
রাজনৈতিক মহলের মতে, মমতার আজকের তুরুপের তাস হতে পারে ‘এসআইআর’ (SIR) ইস্যু। তৃণমূলের অভিযোগ, বিজেপির চক্রান্তে ভবানীপুরের প্রায় ৪০ হাজার মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যাঁদের অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই ইস্যু নিয়ে মমতা এর আগেও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। আজ নিজের খাসতালুকে দাঁড়িয়ে শুভেন্দু-শাহ জুটির আক্রমণের পাল্টা জবাব দিতে এই জনরোষকেই অস্ত্র করতে পারেন তৃণমূল সুপ্রিমো। সার্ভে বিল্ডিংয়ের সামনে ইতিমধ্যেই কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ছে, যা আজ এক বড়সড় শক্তিপ্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে।