‘ব্যান’ কালচার কি তবে ইতিহাস? দেবের বড় ঘোষণার পাল্টায় স্বরূপ বিশ্বাসের বিষ্ফোরক বয়ান!

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক এবং রহস্যজনক মৃত্যু কেবল টলিউডকে শোকস্তব্ধ করেনি, বরং ইন্ডাস্ট্রির অন্দরের পরিকাঠামোকে বড়সড় নাড়িয়ে দিয়েছে। গত দশ দিন ধরে উত্তপ্ত টলিপাড়ায় যে কর্মবিরতি চলছিল, দফায় দফায় বৈঠকের পর মঙ্গলবার তা তুলে নেওয়া হয়েছে। আজ, বুধবার সকাল থেকেই ফের চেনা ছন্দে ফিরেছে স্টুডিওপাড়া। তবে এই ফিরে আসার মাঝেও প্রতিধ্বনিত হচ্ছে ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই বার্তা— ‘গোটা ইন্ডাস্ট্রি একটাই পরিবার’।
রাহুলের অস্বাভাবিক মৃত্যুর পর শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে সুর চড়িয়েছিল সব পক্ষই। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সুপারস্টার দেব একটি ঐতিহাসিক ঘোষণা করেন। তিনি জানান, রাহুলকে হারানো আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে, একজন শিল্পীকে কাজ করতে না দেওয়া কতটা যন্ত্রণার। দেবের কথায়, “বুম্বাদা (প্রসেনজিৎ) আমায় কথা দিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেই সমস্ত অভিনেতা ও পরিচালক, যাঁরা এতদিন ‘ব্যান’ বা ‘বয়কট’ হয়ে ঘরে বসে ছিলেন, তাঁরা কাজে ফিরবেন। কাজের অভাব যে কত কষ্টের, তা আমরা মর্মে মর্মে বুঝেছি।”
তবে দেবের এই উদার আহ্বানের পাল্টা সুর শোনা গেল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের গলায়। দেবের বক্তব্যের রেশ ধরেই স্বরূপ কিছুটা ক্ষোভের সঙ্গে জানান, অভিনেতারা কাজ না পাওয়া নিয়ে আজ সরব হলেও টেকনিশিয়ানরা গত ১৫ মাস ধরে নিজেদের অধিকারের জন্য আদালতে লড়াই করছেন। তিনি বলেন, “দেব আজ যে ৭২ ঘণ্টার কথা বলছেন, সেটা এক বছর আগে টেকনিশিয়ানদের জন্য বললে ভালো লাগত। কলাকুশলীদের ফিক্সড ডিপোজিট ভেঙে লড়াই করতে হয়েছে। বলা সহজ, কিন্তু করে দেখানো কঠিন।” শিল্পী ও কলাকুশলীদের এই দ্বৈরথ মিটিয়ে টলিপাড়া শেষ পর্যন্ত কতটা ঐক্যবদ্ধ থাকতে পারে, এখন সেটাই দেখার।