শুটিং শুরু হলেও ‘ম্যাজিক মোমেন্টস’ বয়কট! রাহুল অরুণোদয়ের মৃত্যুতে টলিপাড়ায় চরম বিদ্রোহ, বিপাকে বড় প্রযোজনা সংস্থা

অবশেষে কাটল টলিপাড়ার অচলাবস্থা। বুধবার থেকেই ফের লাইট-সাউন্ড-ক্যামেরার ছন্দে ফিরছে স্টুডিওপাড়া। অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হলেও, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে ক্ষোভের আগুন এখনও নেভেনি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দোষী প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে আপাতত সম্পূর্ণ ‘বয়কট’ করছে টলিউড।
কেন বয়কট ‘ম্যাজিক মোমেন্টস’?
তালসারিতে শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে উত্তাল ইন্ডাস্ট্রি। অভিনেতা এবং টেকনিশিয়ানদের দাবি, শ্যুটিংয়ের সময় নিরাপত্তার চরম অভাব ছিল। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা) বলেন, “আমরা আমাদের পরিবারের ছেলেকে হারিয়েছি। আট-নয়দিন পেরিয়ে গেলেও প্রযোজনা সংস্থা সঠিক ব্যাখ্যা দেয়নি। যতদিন না তারা সত্যিটা বলছে, ততদিন তাদের সঙ্গে কেউ কাজ করবে না।” পরিচালক হরনাথ চক্রবর্তীও জানিয়ে দিয়েছেন, জাতীয় স্তরেও এই সংস্থার সঙ্গে কোনও সহযোগিতা করা হবে না।
দেব-বুম্বাদার বড় ঘোষণা: উঠবে ‘ব্যান’!
এদিন সুপারস্টার দেব এক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন। তিনি জানান, টলিপাড়ায় যাঁদের বিভিন্ন কারণে ‘ব্যান’ বা নিষিদ্ধ করে রাখা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে চলা এই ‘ব্যান’ কালচার বন্ধ হওয়া ইন্ডাস্ট্রির জন্য এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
কড়া হচ্ছে নিরাপত্তার নিয়ম (SOP)
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে শ্যুটিংয়ের সুরক্ষা নিয়ে চূড়ান্ত গাইডলাইন বা SOP তৈরি হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি হলো:
-
বীমা বাধ্যতামূলক: শ্যুটিংয়ে প্রত্যেক শিল্পী ও টেকনিশিয়ানের বীমা থাকা বাধ্যতামূলক।
-
ক্ষতিপূরণ: দুর্ঘটনার ক্ষেত্রে নির্দিষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে।
-
ঝুঁকিহীন শ্যুটিং: যতক্ষণ না সুরক্ষা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ কোনও ঝুঁকিপূর্ণ শ্যুটিং করা হবে না।
টলিপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া
অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি ওই প্রযোজনা সংস্থার সাথে আর কাজ করবেন না। সব মিলিয়ে বুধবার থেকে সিরিয়াল ও সিনেমার শ্যুটিং শুরু হলেও, ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে যুক্ত মেগা সিরিয়ালগুলোর ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।