সন্ন্যাস ছেড়ে ছাদনাতলায় ‘IIT বাবা’! লাখ টাকার চাকরি ও গেরুয়া বেশ ত্যাগ করে কাকে বিয়ে করলেন অভয়?

লাখ টাকার চাকরি ছেড়ে সন্ন্যাস নেওয়া এক যুবকের জীবনে আবারও বড় মোড়। মহাকুম্ভের সময় যিনি ‘IIT বাবা’ (IIT Baba Abhay Singh) নামে পরিচিতি পেয়েছিলেন, সেই অভয় সিং এবার গেরুয়া বসন ছেড়ে ছাদনাতলায়। সাংসারিক মায়া-মমতা ও মোক্ষ ত্যাগের কথা বলে যিনি ভাইরাল হয়েছিলেন, সেই অভয়ই এবার গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর বাসিন্দা এবং তাঁরই মতো পেশায় ইঞ্জিনিয়ার প্রীতিকার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন অভয়। প্রায় এক বছর আগে তাঁদের পরিচয় হয়, যা পরে প্রেমে রূপ নেয়। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের ধর্মশালার একটি মন্দিরে অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ১৯ ফেব্রুয়ারি এই বিয়ে আইনি স্বীকৃতিও পায়। সম্প্রতি স্ত্রীকে নিয়ে হরিয়ানার ঝজ্জর জেলায় নিজের বাড়িতে বাবার আশীর্বাদ নিতে গেলে বিষয়টি জানাজানি হয়। ঝজ্জরের ভূমি ও রাজস্ব দপ্তরে কেওয়াইসি আপডেট করতে গিয়েই প্রথম প্রকাশ্যে আসে তাঁদের বিয়ের খবর।

তবে সংসারে ফিরলেও পুরোপুরি থিতু হওয়ার পরিকল্পনা নেই অভয়ের। তিনি জানান, বৃহত্তর আধ্যাত্মিক দায়িত্ব পালন করতে গেলে ব্যক্তিগত জীবনে কিছুটা দূরত্ব বজায় রাখা প্রয়োজন। বর্তমানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ‘শ্রী ইউনিভার্সিটি’ নামে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজে ব্যস্ত তিনি, যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটানো হবে। প্রসঙ্গত, আইআইটি বম্বে থেকে পাশ করে কানাডায় উচ্চবেতনের চাকরি করতেন অভয়। সেই কর্পোরেট জীবন ছেড়ে তাঁর সন্ন্যাস গ্রহণ এবং এখন আবার সংসার জীবনে ফেরা— সব মিলিয়ে ‘IIT বাবা’ এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।