বাংলায় ভোটার তালিকায় বিরাট কোপ! ৯১ লক্ষ নাম বাদ, মমতার আশঙ্কাই কি সত্যি হল?

রাজ্যে আসন্ন নির্বাচনের ঠিক আগে সংশোধিত ভোটার তালিকা নিয়ে বড়সড় আপডেট দিল কমিশন নিযুক্ত ট্রাইব্যুনাল। দীর্ঘদিন ধরে চলে আসা ‘বিবেচনাধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের ভাগ্য নির্ধারণের প্রথম দফা শেষ হয়েছে। কমিশনের রিপোর্ট অনুযায়ী, শেষ পর্যন্ত বাদ যাওয়া ভোটারের সংখ্যা প্রায় ৯১ লক্ষে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বাংলা থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে। যদিও সংখ্যাটি সেই কোটির গণ্ডি পেরোয়নি, তবুও ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
কমিশন সূত্রে খবর, রাজ্যের ১০টি জেলা বাদে বাকি সব জেলাতেই জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করেছেন। সোমবার রাত পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জন বিচারাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে ‘যোগ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, এঁরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন। অন্যদিকে, ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারকে ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তাঁদের জন্য আশার কথা এই যে, তাঁরা পুনরায় ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন।
জেলাভিত্তিক পরিসংখ্যান ও অবৈধ ভোটারের হার:
সংখ্যার নিরিখে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন ভোটারকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে শতাংশের বিচারে সবাইকে ছাপিয়ে গিয়েছে নদিয়া জেলা। নদিয়ায় ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০টি অভিযোগের মধ্যে ২ লক্ষ ৮ হাজার ৬২৬টি নথিকেই অবৈধ বলে চিহ্নিত করেছেন অফিসাররা। উত্তর ২৪ পরগনায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। কোচবিহারেও ৪৫ শতাংশের বেশি বিবেচনাধীন নথি বাতিল হয়েছে।