‘বাপি বাপি আমাল পাকিস্তানি বন্ধু বোমা মাববে…’ মোদীকে নিয়ে কুরুচিকর মিম তৃণমূল নেত্রীর! তুঙ্গে বিতর্ক

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণক্ষেত্র এবার কলকাতা ছাড়িয়ে আন্তর্জাতিক সীমান্তের ওপারে করাচি-লাহোর পর্যন্ত পৌঁছে গেল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কলকাতাকে দেওয়া ‘হামলার হুমকি’ ইস্যুকে কেন্দ্র করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সহ-সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী। তবে আক্রমণের ভাষা এবং একটি বিতর্কিত ‘মিম’ ঘিরে এখন সরগরম বাংলার রাজনৈতিক মহল।
ট্রাম্প-মোদীকে নিয়ে বিতর্কিত মিম
মৌমিতা বসু চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করেছেন, যা ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। মিমে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী বলছেন, “বাপি বাপি আমাল (আমার) পাকিস্তানি বন্ধু বোমা মাববে (মারবে) বলচে (বলছে); কি মজা… কি মজা…” জবাবে ট্রাম্প বলছেন, “তুই ভোটে জেতার জন্য সব কিছু করতে পারিস!” মৌমিতার দাবি, বিজেপির ভোট যুদ্ধ পাকিস্তানের মদত ছাড়া অসম্পূর্ণ। এটি একটি ‘ঘিসা পিটা’ চিত্রনাট্য।
বাঙালি আবেগে আঘাত?
তৃণমূল যখন ‘বাঙালি’ কার্ড খেলে নির্বাচনে জেতার চেষ্টা করছে, তখন নিজের নাম ‘মৌমিতি’ (মিমে ব্যবহৃত) লেখা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই নেত্রী। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, দেশের নিরাপত্তা কি শাসক দলের কাছে ঠাট্টার বিষয়? মানস প্রতিম ঘোষ নামে এক ব্যবহারকারী লিখেছেন, “দেশের বিরোধিতা করে নিজেদের আর নীচে নামাবেন না।”
সরব মমতা ও অভিষেক
শুধু মৌমিতা নন, এই ইস্যুতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীকে বিঁধেছেন। মমতা প্রশ্ন তুলেছেন, “পাকিস্তান কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আর প্রধানমন্ত্রী চুপ কেন? জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা কেন্দ্রের পাশে থাকি, কিন্তু এই নীরবতা মানা যায় না।” অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, “প্রধানমন্ত্রী কোচবিহারে এসে তৃণমূল তাড়ানোর কথা বলছেন, অথচ পাকিস্তানের হুমকির মোকাবিলা করছেন না। বিএসএফ ও সেনাকে স্বাধীনতা দেওয়া হোক যাতে তারা লাহোর দখল করতে পারে।”