‘কোয়েল’ নন, রাজ্যসভার খাতায় নথিভুক্ত অন্য নাম! টলিউড কুইনের আসল পরিচয় ফাঁস

টলিউডের ‘পাওয়ার হাউস’ কোয়েল মল্লিক এবার পা রাখলেন রাজনীতির ময়দানে। সোমবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। এদিন তাঁর পরনে ছিল চিরাচরিত সাদা শাড়ি ও লাল পাড়, খোলা চুল আর সেই চিরচেনা স্নিগ্ধ হাসি। রাজ্যসভার গাম্ভীর্যের মাঝেও কোয়েল ধরা দিলেন তাঁর নিজস্ব আভিজাত্যে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এদিন তিনি নিজের মাতৃভাষা বাংলাতেই শপথবাক্য পাঠ করেন। তবে শপথের সময় একটি বিষয় সবাইকে চমকে দিয়েছে—তা হলো অভিনেত্রীর নাম।

সোশ্যাল মিডিয়ায় কোয়েলের শপথগ্রহণের ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে তাঁর নাম নিয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ‘কোয়েল’ নয়, বরং ‘রুক্মিণী মল্লিক’ নামে শপথ নিচ্ছেন। হঠাৎ কেন এই নাম বদল? আসলে কোয়েল মল্লিকের অফিশিয়াল বা নথিবদ্ধ নাম রুক্মিণী। কোয়েল একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর স্কুলের সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সরকারি নথিতে ‘রুক্মিণী’ নামই রয়েছে। কিন্তু রুপোলি পর্দায় তিনি কীভাবে কোয়েল হলেন? অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর প্রথম ছবি ‘নাটের গুরু’-র সময় পরিচালক হরনাথ চক্রবর্তী তাঁর ডাকনাম ‘কোয়েল’ নামটিই সিনেমার পর্দায় ব্যবহার করেন। হরনাথবাবু মল্লিক পরিবারের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তিনি কোয়েলকে ওই নামেই চিনতেন। এরপর সেই নামেই তিনি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। তবে সাংবিধানিক রীতিনীতি মেনে রাজ্যসভায় তাঁকে বার্থ সার্টিফিকেটের নাম অর্থাৎ ‘রুক্মিণী’ নামেই শপথ নিতে হয়েছে।

জীবনের এই বড় মুহূর্তে কোয়েল পাশে পেয়েছিলেন তাঁর গোটা পরিবারকে। এদিন রাজ্যসভায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং তাঁদের একমাত্র সন্তান কবীর। ছোট্ট কবীরকে নিয়ে রাজ্যসভার অলিন্দে কোয়েলের ছবিগুলি ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করেছে। টলিউডের সহকর্মী থেকে শুরু করে অনুরাগী—সবাই তাঁকে এই নতুন ইনিংসের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। রূপোলি পর্দা থেকে সংসদের কক্ষ, কোয়েল মল্লিক তাঁর ব্যক্তিত্ব দিয়ে আরও একবার প্রমাণ করলেন তিনি কেন ‘মল্লিক বাড়ির লক্ষ্মী মেয়ে’।