সাধন পাণ্ডের উত্তরাধিকারী না কি কোটিপতি প্রার্থী? শ্রেয়ার আয়ের খতিয়ান দেখে চক্ষু চড়কগাছ ভোটারদের!

মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার নজর কাড়ছেন তৃণমূলের হেভিওয়েট প্রয়াত নেতা সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। আজীবন অপরাজিত রাজনীতিক সাধন পাণ্ডের মৃত্যুর পর তাঁর রাজনৈতিক উত্তরাধিকার সামলাতে এবার সরাসরি ভোটযুদ্ধে নেমেছেন শ্রেয়া। অভিনয় জগতের গ্ল্যামার ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখা এই প্রার্থীর সম্পত্তির পরিমাণ এবং ঋণের বোঝা নিয়ে এখন উত্তাল রাজ্য রাজনীতি। সম্প্রতি মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ খতিয়ান দিয়েছেন তিনি।
হলফনামা অনুযায়ী, গত কয়েক বছরে শ্রেয়ার আয়ের গ্রাফে যথেষ্ট ওঠানামা লক্ষ্য করা গেছে। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৬১০ টাকা, যা ২০২৩-২৪ সালে বেড়ে দাঁড়ায় ১৩ লক্ষ ২২ হাজার ৮০০ টাকায়। তবে ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় কমে দাঁড়িয়েছে মাত্র ১ লক্ষ ৩৬ হাজার ৫৩৯ টাকায়। বর্তমানে শ্রেয়ার হাতে নগদ রয়েছে ৬ লক্ষ ৮২ হাজার ১২২ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাঙ্কে তাঁর সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় ১১ লক্ষ টাকার উপরে। জীবনের নিরাপত্তার জন্য তাঁর নামে মোট ২২ লক্ষ ২৩ হাজার টাকার এলআইসি পলিসি রয়েছে।
শ্রেয়া পাণ্ডের বিলাসিতার অন্যতম বড় অংশ জুড়ে রয়েছে তাঁর সোনার গয়না ও রূপোর সংগ্রহ। হলফনামা বলছে, তাঁর কাছে মোট ৬৪ লক্ষ ৯৬ হাজার টাকার সোনার অলঙ্কার এবং ৪ লক্ষ ৬০ হাজার টাকার রূপোর বাসনপত্র রয়েছে। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা। তবে এখানেই শেষ নয়, স্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে কলকাতার তিনটি দামী ফ্ল্যাট, যার মধ্যে একটির বাজারমূল্য ৪ কোটি ৬৫ লক্ষ টাকা। এছাড়া তাঁর নামে রয়েছে চাষযোগ্য জমি এবং পৈতৃক সম্পত্তির ৫০ শতাংশ অংশীদারি। সব মিলিয়ে তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৭৯ লক্ষ টাকা।
তবে বিশাল এই সম্পত্তির পাশাপাশি ঋণের বোঝাও নেহাত কম নয় সাধন-কন্যার। হলফনামায় শ্রেয়া উল্লেখ করেছেন, তাঁর ওপর প্রায় ৩ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার টাকার ঋণের দায় রয়েছে। পাশাপাশি তাঁর নামে বেশ কয়েকটি মামলাও বিচারাধীন। কোটি টাকার সম্পত্তি বনাম কোটি টাকার ঋণ—মানিকতলার ভোটযুদ্ধে শ্রেয়ার এই ‘ব্যালেন্স শিট’ এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। বাবার হিরোচিত ভাবমূর্তি আর নিজের এই বিশাল সম্পত্তির খতিয়ান নিয়ে শ্রেয়া শেষ পর্যন্ত মানিকতলার মন জয় করতে পারেন কি না, সেটাই এখন দেখার।