“সোনারপুরের ভোটে হ্যাশট্যাগ বাংলাদেশ!”-TMC-প্রাথীর পোস্ট ফেসবুকে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় প্রচারের জোয়ারে গা ভাসাতে গিয়ে এবার রীতিমতো ‘গোল’ করে বসলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী লাভলি মৈত্র। সোমবার নিজের বিধানসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে একটি গঠনমূলক পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই পোস্টের শেষে থাকা হ্যাশট্যাগ দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। পশ্চিমবঙ্গের ভোটে প্রচার করতে গিয়ে হঠাৎ হ্যাশট্যাগে ঢুকে পড়ল ‘#বাংলাদেশভোট’!

ঠিক কী লিখেছিলেন লাভলি?

সোনারপুর দক্ষিণের ভোটারদের সচেতন করতে লাভলি লেখেন, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।” বার্তার উদ্দেশ্য অত্যন্ত ইতিবাচক থাকলেও বিপত্তি বাঁধে ট্যাগগুলোতে। হ্যাশট্যাগের দীর্ঘ তালিকায় নাগরিক দায়িত্ব, সচেতন নাগরিকের পাশাপাশি জ্বলজ্বল করতে দেখা যায় #ভোটদিবা এবং #বাংলাদেশভোট

নেটপাড়ায় হাসির খোরাক

পোস্টটি ভাইরাল হতেই মুচকি হাসছেন নেটিজেনরা। অনেকেই মজা করে প্রশ্ন তুলেছেন, সোনারপুর দক্ষিণ কি তবে রাতারাতি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হলো? কেউ আবার লাভলিকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি ভারতের পশ্চিমবঙ্গের প্রার্থী, ওপার বাংলার নন। বিরোধী শিবিরও এই সুযোগ হাতছাড়া করেনি কটাক্ষ করতে।

লাভলি মৈত্রের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI?

তবে এই ভুলের নেপথ্যে অনেকে প্রযুক্তির কারসাজি দেখছেন। বিশেষজ্ঞদের মতে:

  • অনেক সময় প্রার্থীরা সরাসরি পোস্ট না করে কনটেন্ট জেনারেশন টুল বা AI-এর সাহায্য নেন।

  • বাংলা কনটেন্ট তৈরির সময় অনেক AI টুল ইন্টারনেটে থাকা বাংলাদেশের ডেটা থেকে তথ্য সংগ্রহ করে।

  • সম্ভবত সেই ‘অ্যালগরিদম’ বিভ্রাটেই পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে ঢুকে পড়েছে ওপার বাংলার ট্যাগ।

তবে কারণ যাই হোক, নির্বাচনের ঠিক আগে প্রার্থীর এমন অসতর্কতা যে তাঁকে নেট দুনিয়ায় অস্বস্তিতে ফেলে দিল, তা বলাই বাহুল্য। যদিও বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেও।