বাংলায় মমতাই ফিরবে? নাকি আসবে BJP?-কার ঝুলিতে কত ভোট? জেনেনিন কি বলছে সমীক্ষা?

চলতি এপ্রিল মাসেই দেশের পাঁচ রাজ্যে বেজেছে বিধানসভা নির্বাচনের দামামা। তবে গোটা দেশের নজর এখন পশ্চিমবঙ্গ আর অসমের হাইভোল্টেজ লড়াইয়ের দিকে। বাংলায় কে গড়বে সরকার? মমতা কি হ্যাট্রিক করবেন নাকি ঘাসফুল শিবিরে থাবা বসাবে পদ্ম বাহিনী? সম্প্রতি প্রকাশিত ম্যাট্রিজ (MATRIZE)-এর জনমত সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর ইঙ্গিত।
বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস
ম্যাট্রিজের জনমত সমীক্ষা বলছে, এবার বাংলায় ভোট কাটাকাটির সমীকরণ অত্যন্ত জটিল হতে চলেছে। প্রাপ্ত ভোটের শতাংশের হিসেবে তৃণমূল ও বিজেপি একে অপরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে:
-
তৃণমূল কংগ্রেস (TMC): ৪৩% ভোট
-
বিজেপি (BJP): ৪১% ভোট
-
অন্যান্য: ১৬% ভোট
আসন সংখ্যার সম্ভাব্য সমীকরণ: কার দখলে যাবে নবান্ন?
পশ্চিমবঙ্গে সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। সমীক্ষা অনুযায়ী, কোনো পক্ষই নিরঙ্কুশ দাপট দেখাতে না পারলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে তৃণমূল। তবে বিজেপির ঝুলিও খুব একটা হালকা নয়।
-
তৃণমূল: ১৪০-১৬০টি আসন
-
বিজেপি: ১৩০-১৫০টি আসন
-
অন্যান্য (বাম-কংগ্রেস): ৮-১৬টি আসন
ওয়াইসি-হুমায়ুন জোট: চিন্তার ভাঁজ তৃণমূলের কপালে?
তৃণমূল থেকে বেরিয়ে এসে হুমায়ুন কবীর গঠন করেছেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি হাত মিলিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসির দল AIMIM-এর সঙ্গে। রাজনৈতিক মহলের মতে, এই জোট মুসলিম অধ্যুষিত আসনগুলিতে তৃণমূলের ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল ধরাতে পারে। আর এই মেরুকরণ ও ভোট কাটাকাটির সরাসরি সুবিধা ঘরে তুলতে পারে বিজেপি। ফলে বেশিরভাগ আসনে দুই দলের প্রার্থীদের মধ্যে মরণপণ লড়াইয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে।
পুরানো ফলাফলের প্রেক্ষাপট
২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সেবার প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়েছিল ঘাসফুল শিবির। তবে এবারের সমীক্ষা বলছে, তৃণমূলের সেই আধিপত্যে এবার বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে গেরুয়া শিবির।
মার্চের দ্বিতীয় সপ্তাহেও ম্যাট্রিজ-আইএএনএস (MATRIZE-IANS) সমীক্ষায় মমতার প্রতি মানুষের আস্থার কথা বলা হয়েছিল, তবে এবারের সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে—লড়াই হবে ইঞ্চি ইঞ্চিতে!