“আসল খেলা এখনও বাকি!” আপ-এর সঙ্গে আরপার লড়াইয়ে রাঘব চাড্ডা, পাঞ্জাব ইস্যুতে কাঁপছে কেজরিওয়াল শিবির!

আম আদমি পার্টি (AAP) কি ভাঙনের মুখে? অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাঘব চাড্ডার সঙ্গে দলের সংঘাত এখন কার্যত রাস্তার লড়াইয়ে রূপ নিয়েছে। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পাওয়ার-প্যাকড ভিডিও রিলিজ করে রাঘব বুঝিয়ে দিলেন—দলের ডেপুটি লিডারের পদ কেড়ে নিলেও তাঁর কণ্ঠরোধ করা সম্ভব নয়। ভিডিওর ক্যাপশনে তাঁর হুঁশিয়ারি, “এটা তো শুধু ট্রেলার, আসল ছবি এখনও বাকি!”

পাঞ্জাব আবেগ বনাম দলীয় অনুশাসন:

ভিডিওটিতে রাঘব চাড্ডা রাজ্যসভায় দেওয়া তাঁর বিভিন্ন তেজস্বী বক্তব্যের ক্লিপিং তুলে ধরেছেন। বিশেষ করে পাঞ্জাবের সমস্যা নিয়ে তাঁর লড়াইকে তিনি বড় করে দেখিয়েছেন। আপ নেতৃত্বের অভিযোগের পাল্টা জবাবে রাঘব আবেগঘন সুরে বলেন:

“পাঞ্জাব আমার কাছে কোনো স্রেফ আলোচনার বিষয় নয়; এটা আমার বাড়ি, আমার দায়িত্ব, আমার মাটি এবং আমার আত্মা।”

কী নিয়ে এই ‘শীতল যুদ্ধ’?

সম্প্রতি রাঘব চাড্ডাকে রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে আপ হাইকম্যান্ড। দলের দাবি, তিনি দলীয় লাইনের বাইরে গিয়ে কাজ করছিলেন। অন্যদিকে রাঘবের অভিযোগ, তাঁকে সংসদে জনস্বার্থের গুরুত্বপূর্ণ ইস্যু তুলতে বাধা দেওয়া হচ্ছিল এবং তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

বিজেপি কি ফায়দা তুলবে?

২০১২ সাল থেকে আপ-এর অন্যতম মুখ এবং ২০২২-এ পাঞ্জাবে দলের ঐতিহাসিক জয়ের কারিগর ছিলেন এই রাঘব। এখন সেই রাঘবই যদি দল ছাড়েন বা নির্দল হিসেবে বিদ্রোহ করেন, তবে পাঞ্জাব ও দিল্লিতে আপ-এর ভোটব্যাঙ্কে বড় ধস নামতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, রাঘবের এই ‘বিদ্রোহ’ আদতে গেরুয়া শিবিরে যোগদানের আগের প্রস্ততি কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ, সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে মোদী-বিরোধী পোস্ট মুছে ফেলাও এক বড় ইঙ্গিত।